
শেষ আপডেট: 13 March 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন বিজেপির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। রাজ্য বিজেপিতে পটবদলের পর মঙ্গলবারই দল তাঁকে মুখ্যমন্ত্রী করে। সেইমতো বুধবার এক বিশেষ অধিবেশনে আস্থা ভোটের আয়োজন হয়। আস্থা ভোটের আগেই সাইনি জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন সাইনি। আস্থা ভোটাভুটি আনুষ্ঠানিক রীতি বলে বর্ণনা করে তিনি বলেন, তাঁর সরকার ৪৮টিরও বেশি ভোট পাবে। উল্লেখ্য, এদিন আস্থা ভোটের আগেই ১০ জনের মধ্যে ৫ জন জেজেপি বিধায়ক সভা বয়কট করেন।
এদিকে, এদিনই কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়েব সিং সাইনিকে মুখ্যমন্ত্রীর গদিতে বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আবেদনে বলা হয়েছে, সাইনি বর্তমানে সাংসদ। সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এতে সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘিত হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, বিধানসভার সদস্য সংখ্যা ৯০। নায়েব সিংয়ের অন্তর্ভুক্তিতে সেই সংখ্যা ছাপিয়ে গিয়েছে। এটাও সংবিধান লঙ্ঘনের একটি দৃষ্টান্ত। আবেদনকারীর মতে, মঙ্গলবার হরিয়ানা সরকার যেভাবে পুনর্গঠিত হয়েছে তা বেআইনি এবং বাতিলযোগ্য।
অন্যদিকে, বিধানসভায় ধ্বনিভোটে সাইনি জিতে যাওয়ার পরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কারনাল আসন থেকে পদত্যাগ করেন। আস্থা ভোটের ভাষণে সাইনি নিজেকে সাধারণ পরিবার থেকে উঠে আসা বলে বর্ণনা করেন। বলেন, আমার পরিবারের কেউ কোনওদিন রাজনীতি করেনি। আমিই প্রথম বিজেপির সাধারণ কর্মী হিসেবে যোগ দিই। সেখান থেকে উঠে এসে আজ আমি মুখ্যমন্ত্রী। এরকম ঘটনা শুধুমাত্র বিজেপির মতো পার্টিতেই সম্ভব।