
শেষ আপডেট: 17 April 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রামনবমীতে সৌজন্যের ছবি দেখল রায়গঞ্জ। অন্যসময় যুযুধান। কিন্তু রামনবমীর সকালে তৃণমূলের বিধায়ককে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল বিজেপির প্রার্থীকে।
বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কার্তিক পাল। কড়া রোদে কাতারে কাতারে মানুষের ভিড়ে মিশেই এগোচ্ছিলেন তিনি। মিছিল যখন ইসলামপুর বাজার এলাকায় আসে তখন সেখানে তৃণমূলের একটি জলসত্রে দাঁড়িয়ে মানুষকে সরবৎ খাওয়াচ্ছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক করিম চৌধুরী। বিধায়ককে দেখেই এগিয়ে গেলেন কার্তিক পাল। করিম চৌধুরীকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইলেন।
বিজেপির প্রার্থীকে এগিয়ে আসতে দেখে এগিয়ে গেলেন করিম চৌধুরীও। অভ্যর্থনা জানালেন কার্তিক পালকে। এগিয়ে দিলেন সরবতের গ্লাস। প্রণামের প্রত্যুত্তরে আশীর্বাদ করলেন বিজেপির প্রার্থীকে। পরে করিম চৌধুরী বলেন, "কেউ প্রণাম করলে তাঁকে আশীর্বাদ করতে হয়। এটাই ভারতীয় সংস্কৃতি। উনি বয়সে আমার অনেক ছোট। এগিয়ে এসে প্রণাম করেছেন। আমিও আশীর্বাদ করেছি। ওঁর হাতে সরবত তুলে দিয়ে অভ্যর্থনাও জানিয়েছি।"
এবিষয়ে কার্তিক পালের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে রায়গঞ্জের মানুষ এই সৌজন্যের ছবি দেখে খুশি হয়েছেন। তাঁদের কথায়, "এটাই সৌজন্যের ছবি। রাজনীতিতে এই ছবি দেখলে আমাদের মনে ভরসা আসে।"