
শেষ আপডেট: 4 March 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: বিহারের প্রাক্তন মুখ্যমন্তী লালু প্রসাদ যাদবের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের জবাবে সদলবলে ময়দানে নামল বিজেপি। 'মোদী কা পরিবার' নামে পাল্টা প্রচার শুরু করল পদ্ম শিবির। সেই হ্যাসট্যাগ প্রচারে যোগ দিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতো প্রবীণ নেতা মন্ত্রীরা।
অন্যদিকে, তেলেঙ্গানার আদিলাবাদের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'গোটা দেশ আমার পরিবার। আমার জীবন এক খোলা বই। আমি আমার দেশের জন্য বাঁচি।'
কী বলেছেন লালু প্রসাদ? রবিবার পাটনার জনসভায় আরজেডি সুপ্রিমো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবারবাদ নিয়ে পাল্টা আক্রমণ করেন। মোদী বিগত কয়েক মাস ধরে লালু প্রসাদের মতো নেতাদের বিরুদ্ধে সরব পরিবারতন্ত্র নিয়ে। এই ব্যাপারে তাঁর পয়লা নম্বর টার্গেট লালু প্রসাদের পরিবার। বিহারের রাজনীতির এই যাদব পরিবারের একাধিক সদস্য দলীয় পদে আসীন। প্রশাসনেও ছিলেন তাঁরা।
মোদীর সমালোচনার জবাবে পাটনার সভায় লালু প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'আপনি নিঃসন্তান তো আমরা কী করব! আপনি বেছে বেছে বেশি সন্তান আছে এমন নেতাদের আক্রমণ করছেন।' প্রসঙ্গত আরজেডি সুপ্রিমো মোট নয় সন্তানের পিতা।
লালু প্রসাদের ওই মন্তব্যের জবাব দিতে সোমবার পথে নামে গেরুয়া শিবির। মোদী বারে বারেই বলেছেন, বিজেপিই আমার পরিবার। আবার কখনও বলেছেন, গোটা দেশ আমার সংসার।
লালু প্রসাদের মন্তব্যের প্রতিবাদে বিজেপি সদলবলে আক্রমণে নামলেও তারা আরজেডি নেতার আর একটি অভিযোগ এড়িয়ে যাচ্ছে। লালু প্রসাদ পাটনার সভায় বলেন, 'নরেন্দ্র মোদী কেমন হিন্দু। তিনি মা মারা যাওয়ার পর চুল দাড়ি কামাননি।' বিজেপি নেতৃত্ব এই ব্যাপারে নীরব। গেরুয়া শিবিরের বক্তব্য বিজেপিই মোদীর পরিবার।