
বিজেপি নেতৃত্ব - ফাইল চিত্র
শেষ আপডেট: 24 March 2024 23:30
দ্য ওয়াল ব্যুরো: গত ২ মার্চ পশ্চিমবঙ্গের ২০ টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। ২২ দিন পর রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। তবে তিনটি আসনের জন্য প্রার্থীদের নাম এখনও ঘোষণা করা হয়নি।
প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু আসানসোলের প্রার্থী পবন সিং নিজের নাম প্রত্যাহার করে নেন। রবিবার আরও ১৯টি আসনের প্রার্থীদের নাম জানাল বিজেপি। তবে এই পর্বেও বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি। বাকি রয়েছে আসানসোল, ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণাও। বিজেপি দ্বিতীয় দফা প্রার্থী বাছাইয়ে কিছুটা চমক দিয়েছে তা বলা যায়। কারণ বেশ কিছু আসনে প্রার্থী বদল হয়েছে। তবে কিছু আসনে প্রত্যাশিতভাবেই যারা প্রার্থী হতে পারেন বলে মনে করা হচ্ছিল, তারাই প্রার্থী হয়েছেন।
দেখে নেওয়া যাক কারা কোথায় প্রার্থী হলেন...
জলপাইগুড়ি - ডঃ জয়ন্ত রায়
দার্জিলিং - রাজু বিস্ত
রায়গঞ্জ - কার্তিক পাল
জঙ্গিপুর - ধনঞ্জয় ঘোষ
কৃষ্ণনগর - অমৃতা রায়
ব্যারাকপুর - অর্জুন সিং
দমদম - শীলভদ্র দত্ত
বারাসত - স্বপন মজুমদার
বসিরহাট - রেখা পাত্র
মথুরাপুর - অশোক পুরকাইত
কলকাতা দক্ষিণ - দেবশ্রী চৌধুরী
কলকাতা উত্তর - তাপস রায়
উলুবেড়িয়া - অরুণ উদয় পাল চৌধুরী
শ্রীরামপুর - কবীর শঙ্কর বোস
আরামবাগ - অরূপ কান্তি দীগর
তমলুক - অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মেদিনীপুর - অগ্নিমিত্র পল
বর্ধমান পূর্ব - অসীম কুমার সরকার
বর্ধমান দুর্গাপুর - দিলীপ ঘোষ
যে তিনটি আসনের জন্য এই দফাতেও প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না বিজেপি, তাতে কে প্রার্থী হবেন তা নিয়ে দলের অন্দরেই দ্বিমত আছে বলে সূত্রের খবর। তাৎপর্যপূর্ণ বিষয়, নাম ঘোষণা হল না এমন আসনের একটি ডায়মন্ড হারবার। তাছাড়া বাকি রয়ে গিয়েছে গতবারের ঘোষিত আসানসোলের প্রার্থী পবন সিংহের পরিবর্ত প্রার্থীর নাম ঘোষণাও।
রবিবারের প্রার্থী তালিকায় কিছু প্রত্যাশিত নাম আছে। যেমন ব্যারাকপুরে তৃণমূলত্যাগী অর্জুন সিং, উত্তর কলকাতায় তাপস রায়। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রার্থী হবেন সেটাও ছিল 'ওপেন সিক্রেট'। নতুন মুখ হিসেবে উঠে এসেছেন রেখা পাত্র, যিনি বসিরহাটের প্রার্থী। সন্দেশখালির ঘটনায় এই রেখাই এফআইআর দায়ের করেছিলেন শিবু হাজরাদের বিরুদ্ধে।