
তৃণমূলের বিরুদ্ধে এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির
শেষ আপডেট: 25 May 2024 11:03
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বুথ এজেন্টকে মারধর করে তাঁর স্ত্রীকে সাদা থান পরিয়ে দেওয়ার হুমকি! অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, শাসক শিবির আশ্রিত দুষ্কৃতীরা ওই বিজেপি এজেন্টের বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্ত্রীকে হুমকি দেয়। ঘটনার একটি ভিডিও ভাইরালও হয়েছে।
ভোট শুরুর আগে শুক্রবার গভীর রাতে বিজেপি বুথ এজেন্টকে মারধর ও ধমকানো হয়েছে বলেই অভিযোগ। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে শোনা যাচ্ছে, এক ব্যক্তি অপর ব্যক্তিকে ধমকাচ্ছেন এবং বলছেন ''কালকে যদি ভোটের ওখানে তোকে দেখতে পাই তবে শেষ করে দেব।'' পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলার উদ্দেশে তাঁকে এও বলতে শোনা যায়, ''সিন্দুর পরতে পারবে না, সাদা থান পরিয়ে দেবো।'' এরপরেই উত্তেজিত হয়ে মারধর শুরু করেন ওই ব্যক্তি।
বিজেপির অভিযোগ, ইন্দাস ব্লকের তৃণমূলের স্থানীয় এক যুবনেতা এই হুমকি দিয়েছে ইন্দাস বিধানসভার দিবাকর বাটি ১৩৫ নম্বর বুথের বুথ এজেন্ট সুখেন্দু রায়কে। শুক্রবার রাতেই ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের পাল্টা দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
নন্দীগ্রাম, মহিষাদলে ইতিমধ্যেই খুনের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকেও জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। এরই মধ্যে সকাল ৯টা পর্যন্ত বাংলায় ১৬ শতাংশের বেশি ভোট পড়ে গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বাংলার ৮ কেন্দ্রের গড় ভোটদানের হার ১৬.৫৪ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে তমলুক কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোটদানের হার পুরুলিয়ায়। উল্লেখযোগ্য ব্যাপার, বাকি কেন্দ্রগুলির তুলনায় তমলুকই সবথেকে বেশি উত্তপ্ত হয়েছে ভোটকে কেন্দ্র করে। আর সেখানেই ভোটদানের হার বেশি।