
বসিরহাট ভোট
শেষ আপডেট: 1 June 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বসিরহাট লোকসভার ভোট ঘিরে বিক্ষিপ্ত অশান্তি চলছে সকাল থেকেই। সন্দেশখালি দু'নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের ১৭৭ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডল ও তাঁর স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে রিভলবারের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল নেতা রামকৃষ্ণ মণ্ডলকে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
শনিবার ভোট শুরুর আগেই হিঙ্গলগঞ্জের সেন্ডেল বিল পঞ্চায়েতের ৯৭ ও ৯৮ নম্বর বুথের বিজেপি এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। একইভাবে বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ধাক্কা দিয়ে তাঁকে বের করে দেওয়ার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয় হাসনাবাদের পাটলি খানপুর পঞ্চায়েতের অন্তর্গত ৬১ নম্বর বুথে। পরে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার নিজে এসে তাঁকে বুথে বসিয়ে দেন।
মিনাখাঁ বিধানসভার কালীনগর গ্রামের ৫৫ নম্বর বুথে বিজেপি কর্মী ৩৭ বছরের মনত মণ্ডলের অভিযোগ, তিনি এজেন্টকে বুথে বসিয়ে বাড়িতে ফিরছিলেন। ঠিক সে সময় তাঁকে মারধর করে তৃণমূলের লোকজন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল যুব সম্পাদক তরিকুল ইসলাম বলেন, "বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র হেরে যাবেন। সে কারণে বিজেপি মিথ্যা নাটক করছে। তৃণমূল কোনওদিন মারামারির রাজনীতি করে না।" হাড়োয়া গ্রামীণ হাসপাতালে আহত বিজেপি কর্মীর চিকিৎসা করানো হয়। তবে এ বিষয়ে পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।