
তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় যোগ দিলেন বিজেপিতে
শেষ আপডেট: 25 April 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ঘর ভাঙল। দল বদলেই পার্থ ভৌমিককে 'চোর, লম্পট' বললেন কাউন্সিলর সত্যেন রায়। তিনি ভাটাপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন।
বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপির ঝান্ডা ধরেন সত্যেনবাবু। আনুষ্ঠানিক ভাবে ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংয়ের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন।
মঙ্গলবার সত্যেনবাবু ও তাঁর ছেলে শানু রায়কে দলীয় কার্যালয়ে মারধরের অভিযোগ ওঠে। সত্যেনবাবুর অভিযোগ, তৃণমূল কর্মী দেবরাজ ঘোষ ওরফে পিন্টু তাঁকে মারধর করেন। আক্রান্ত কাউন্সিলরের দাবি, বুধবারও তাঁর অসুস্থ ভাইকেও মারধর করেছেন ওই দেবরাজ ঘোষ। ছেলে শানুকে ফের মারধর করার হুমকিও দিয়ে গিয়েছেন। সেই সময়ে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং।
বুধবারেই অর্জুন সিংকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন সত্যেনবাবু। সেখানে তিনি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, "জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছি। কিন্তু দলটা এখন নোংরা হয়ে গিয়েছে। পার্থ ভৌমিকের মতো নেতারা দলকে নোংরা করেছে। পার্থ ভৌমিক এখন নিজের মতো চোর লম্পটদের নিয়ে দল চালাচ্ছেন।"
তাঁর কথায়, "ব্যারাকপুরে অর্জুন সিং একটা ফ্যাক্টর। সেখানে ব্রিগেডে অর্জুন সিংকে বসানোর পরেও তৃণমূল তাঁকে টিকিট দিল না। এইভাবে অন্যায় করল তৃণমূল। অর্জুন সিংয়ের এই অপমান মানতে পারিনি। তৃণমূল আমাকেও কোনও সম্মান দেয়নি। সেই দলের সঙ্গে আমি কোনও মতেই থাকতে পারব না। তাই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি। চোরদের দলে আমি থাকব না।"
সত্যেন রায়ের এই কথার পাল্টা মন্তব্য করেছেন ভাটপাড়া পুরসভার প্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন, "দলের কাছে আগের থেকেই খবর ছিল সত্যেন রায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁকে তাই নির্বাচনের কোনও কমিটিতেই রাখা হয়নি। বাড়িতেও তিনি বিজেপির ঝান্ডা লাগিয়ে রেখেছিলেন। দলে থেকে দলেরই বিরোধিতা কোনও পার্টি মেনে নেবে না।"