
শেষ আপডেট: 14 April 2024 16:09
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরের র্যালিতে বেরিয়ে জুতো পলিশ করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার।
হুড খোলা গাড়িতে করে রবিবার প্রচারে বেরিয়েছিলেন সুভাষবাবু। দেশের সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র্যালিতে দেখা যায় তাঁকে। তখন হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজেরই জুতো। হুডখোলা গাড়ির উপরেই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন।
তাঁর দাবি, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনও কাজই ছোট নয়। বি আর আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্নবর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছিলেন। আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদী। বি আর আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পলিশ করেছেন।
এর আগে তিনি বাংলার নতুন বছরের প্রথম দিনেই মহামায়া মন্দিরে পুজো দেন। তারপরে প্রচার শুরু করেন। পথ চলতি মানুষের হাতে প্রসাদী বাতাসা তুলে দেন।
সুভাষ সরকার বলেন, "বাঁকুড়া, রাজ্য তথা দেশের উন্নয়নের প্রার্থনার পাশাপাশি দেবী মহামায়ার কাছে অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়ের প্রার্থনা করেছি। বাঁকুড়ার দু'টি আসনেই পদ্ম ফুটবে।"