
সৌমিত্র খাঁ।
শেষ আপডেট: 8 June 2024 08:06
দ্য ওয়াল ব্যুরো: দিলীপ ঘোষের পর এবার সৌমিত্র খাঁ। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় খারাপ ফলের জন্য দলের রাজ্য নেতৃত্বর ভূমিকার সমালোচনায় সরব হলেন বিষ্ণুপুরের জয়ী বিজেপি সাংসদ।
একই সঙ্গে তাঁকে মন্ত্রী করার দাবিও জানালেন। সৌমিত্রর কথায়, "মন্ত্রী হওয়ার জন্যই বিষ্ণুপুরের মানুষ আমাকে জয়ী করেছেন। এই মুহূর্তে আমি বাংলার সবচেয়ে সিনিয়র সাংসদ। তিনবার সংসদ পদে জয়ী হয়েছি। একবারের বিধায়ক, যুবমোর্চার দায়িত্বও ভালভাবে সামলেছি।"
তাৎপর্যপূর্ণভাবে সৌমিত্র একথাও জানিয়েছেন, "আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলাস্তরের অনেকের যোগাযোগ আছে।" খানিক থেমে যোগ করেছেন, "বিজেপিতে আছি। চেষ্টা করব যাতে সব ঠিক ঠাক হয়।" অর্থাৎ মন্ত্রিত্ব না পেলে কি তিনি দল বদলাবেন? জল্পনা তৈরি হয়েছে তা নিয়েও।
তাঁকে দলের রাজ্য কোর কমিটিতে রাখা হয়নি বলে অভিযোগ করে সৌমিত্র বলেন, "চারজন প্রতিমন্ত্রী ছিলেন, রাজ্যের কোথাও ঘোরেনি, তার ফল আমরা পেয়েছি। শুধু হাওয়াবাজি কথায় কাজ হয় না। টিভিতে মুখ দেখানো নেতাদের গুরুত্ব না দিয়ে যারা কর্মীদের সঙ্গে মেশে তাঁদের গুরুত্ব দিতে হবে।"
বস্তুত, দলের একাংশের বিরুদ্ধে 'কাঠিবাজি'র অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছেন বর্ধমান-দুর্গাপুরের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ। তারপরই ভোটে পরাজয়ের কারণে দলের একাংশ নেতৃত্বর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়। একই সঙ্গে ভোটের প্রচারের জন্য দিল্লি থেকে আসা টাকা নয়ছয় হয়েছে বলেও বড় অভিযোগ করেছেন অমৃতাদেবী। এ ব্যাপারে শীর্ষ নেতৃত্বর কাছে তদন্তের দাবি জানাচ্ছেন বলেও সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন রানিমা।
প্রসঙ্গত, উনিশের লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবারে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২।