
সৃজনের প্রচারে হামলার অভিযোগ - ফাইল চিত্র
শেষ আপডেট: 21 May 2024 12:08
দ্য ওয়াল ব্যুরো: ফ্লেক্স-ব্যানার ছেঁড়া হয়েছিল আগেই। এবার প্রচারে বেড়িয়ে বাধার মুখে পড়লেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মঙ্গলবার সকালে পঞ্চসায়র এলাকায় প্রচার শুরু করতেই হামলার নিশানা হন তিনি। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। প্রচারগাড়ি থেকে খুলে ফেলে দেওয়া হয় পতাকা। শাসকদলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
সৃজনের দাবি,হারের ভয়েই তৃণমূল বাধা দিচ্ছে । তিনি বলেন,"বাস্তব পরিস্থিতিটা বুঝতে পারছে তৃণমূল। তাই আতঙ্কিত হয়ে পড়ছে। তবে এ ভাবে আটকানো যাবে না। অপশাসনে ক্লান্ত মানুষ আমাদেরই চাইছে।"
এদিন সকালে হুডখোলা গাড়িতে করে গড়িয়ার পঞ্চসায়র এলাকায় প্রচারে বেরিয়েছিলেন সৃজন। সেই গাড়ির পিছনে অটো এবং বাইক নিয়ে আসছিলেন দলের কর্মী-সমর্থকরা। আচমকাই সিপিএম প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। এরা তৃণমূল আশ্রিত বলে সিপিএমের দাবি। তেতে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাতেও নাকতলা এবং সংলগ্ন এলাকায় ছেঁড়া হয় সৃজন ভট্টাচার্যের ফ্লেক্স-ব্যানার। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান বাম নেতৃত্ব। রাত পোহাতেই আবার নিশানা হলেন সৃজন। তবে দুটি ঘটনারই দায় অস্বীকার করেছে তৃণমূল।