
পার্থ ভৌমিক এবং অর্জুন সিং
শেষ আপডেট: 10 April 2024 22:18
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বুধবারই সন্দেশখালি মামলায় আবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বলাই বাহুল্য, তৃণমূলের তাবড় কিছু নেতা দুর্নীতি মামলায় এখন জেলবন্দি। আরও এক নেতার জেলে যাওয়ার সম্ভাবনার কথা বলে দিলেন অর্জুন সিং।
বুধবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী নিশানা করেন তাঁর প্রতিদ্বন্দ্বীকে। অর্জুনের কথায়, তিহাড় জেলে বসে নির্বাচন লড়তে হতে পারে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে। সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ''পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নাম জড়িয়েছে। খুব শীঘ্রই দেখবেন তিহাড় জেলে বসে উনি নির্বাচন লড়বেন।'' এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টানেন অর্জুন।
দোলের দিন বীরভূমে দেখা গেছিল অনুব্রতর কাটআউটে প্রণাম করে, আবির দিয়ে তৃণমূল কর্মীরা দোল খেলা শুরু করেছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করে, অনুব্রত ছাড়া বীরভূম ভাবাই যায় না। তিনি তাঁদের সঙ্গেই আছেন। বুধবার অর্জুন বললেন, ''কেষ্ট যেমন জেল থেকে ভোট করাচ্ছে, পার্থকেও তাই করতে হবে।'' পাশাপাশি তৃণমূল প্রার্থীর গুন্ডারাজ মন্তব্যেরও পাল্টা দেন তিনি। অর্জুনের খোঁচা, ''তার মানে বাংলায় গুন্ডারাজ চলছে। আছে। সরকার কার? পুলিশমন্ত্রী কে? তাহলে তাঁরা ব্যর্থ।''
অর্জুনের মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি পার্থ ভৌমিকও। তিহাড় জেল মন্তব্যে অর্জুনকে নিয়ে তাঁর অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে পারছে না, তাই ব্যক্তিগত কুৎসা করছে। পার্থ বলছেন, ''আমার নিজের ওপর অগাধ আস্থা। তিহাড় কেন, কোনও জেলেই আমাকে ও (পড়ুন অর্জুন সিং) আটকে রাখতে পারবে না। ব্যারাকপুরের মানুষ ৪০ বছর ধরে আমার সততা সম্পর্কে জানে।'' তাহলে কেন অর্জুন সিং এই ধরনের মন্তব্য করলেন? পার্থর উত্তর, ভোটে জিততে পারবে না, মানুষ পাশে নেই বুঝে গিয়ে এসব বলছে।