
ববির বিরুদ্ধে বিস্ফোরক অধীর
শেষ আপডেট: 27 May 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
ফিরহাদ তথা ববি হাকিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে বিজেপি। ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ এনে চিঠি দেওয়া হয়েছে কমিশনের দফতরে। এ ব্যাপারে এদিন অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওখানকার যিনি মেয়র আগে নিজেকে মুসলমান মনে করেন। তার পর ভারতীয় মনে করেন, তার পর নিজেকে ভোটার মনে করেন। ওঁর কথা আর কী বলব!”
এর পরই অধীর বলেন, “কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুঠ হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, লুঠ হয়েছে লুঠ হয়েছে লুঠ হয়েছে”।
প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, “তিনি কত বড় মুসলমান তা মুসলমান সমাজের সকলেই জানেন। তিনি মুসলমানের অভিনয় করেন। ভোটের বাজারে দিদির হয়ে দালালি করেন। তিনি মুসলমান সমাজের জন্য কিছু করেননি সেটা মুসলমান সমাজ ভাল করে জানে। তা যদি করতেন তা হলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি লুঠ হত না। প্রমোটারদের হাতে চলে যেত না”।
তৃণমূল কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু মুখ হলেন ববি হাকিম। অনেকে মনে করেন, রাজ্য মন্ত্রিসভায় সেই কারণেই গুরুত্ব রয়েছে ফিরহাদের। অবশ্য তৃণমূলের মধ্যে এও আলোচনা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ববির বনিবনা ভাল নয়। দলে এক ব্যক্তি এক পদ নিয়ম কার্যকরী করতে চেয়েছিলেন অভিষেক। তার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন ববি। সেই তর্ক প্রকাশ্যেও এসে পড়েছিল।
তবে অধীর চৌধুরী এদিন কলকাতার মহানাগরিকের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা বিস্ফোরক বললেও কম বলা হয়। লোকসভা ভোটের শেষ দফায় যে ৯টি আসনে ভোট রয়েছে, তার অনেকগুলিতেই সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। তার আগে অধীরের এই অভিযোগ কৌশলগত কিনা সেই প্রশ্নও উঠছে। এ ব্যাপারে ফিরহাদ হাকিম কোনও প্রতিক্রিয়া এখনও জানাননি। তিনি কোনও মতামত জানালে তা এই প্রতিবেদনে আপডেট করা হবে।