
সোমনাথ ভারতী
শেষ আপডেট: 2 June 2024 00:08
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটপর্ব মেটার পর যে যে বুথফেরত সমীক্ষা প্রকাশ পেয়েছে তার অধিকাংশই দাবি করেছে বিজেপি তথা এনডিএ জোট বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসছে। তবে এই এক্সিট পোলকে মানছেন না আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী। বরং তিনি পাল্টা চ্যালেঞ্জ নিয়ে মাথা ন্যাড়া করার কথা বলেছেন।
যে'কটি এক্সিট পোল বেরিয়েছে তার সবকটিতেই দেখানো হয়েছে বিজেপি ন্যূনতম ৩০০ আসন পাচ্ছেই। কোনও কোনও সংস্থা দাবি করেছে, বিজেপি ৩৫০ আসনও পেয়ে যাবে। এদিকে একমাত্র ভোট সমীক্ষক সংস্থা টুডেজ চাণক্যর দাবি, এনডিএ চারশো পার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এর মধ্যে বিজেপি পেতে পারে ৩৩৫টি আসন। তবে এসব কিছুই মানতে চাইছে না ইন্ডিয়া জোটের নয়াদিল্লি আসনের প্রার্থী আপ বিধায়ক সোমনাথ ভারতী। তাঁর বক্তব্য, ''মঙ্গলবার সব এক্সিট পোল ভুল প্রমাণিত হবে। তৃতীয়বারের জন্য যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, তাহলে আমি আমার মাথা ন্যাড়া করে দেব।'' একই সঙ্গে তাঁর এও দাবি, দিল্লিতে সাতটি আসনই পাবে ইন্ডিয়া জোট।
I will shave off my head if Mr Modi becomes PM for the third time.
— Adv. Somnath Bharti: इंसानियत से बड़ा कुछ नहीं! (@attorneybharti) June 1, 2024
Mark my word!
All exit polls will be proven wrong on 4th June and Modi ji will not become prime minister for the third time.
In Delhi, all seven seats will go to India ALLIANCE.
Fear of Mr Modi does not allow…
একথাও ঠিক, সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে তা নয়। বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটি ভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল। সেখানেই অনেক সময়ে ত্রুটি থেকে যায়।
অন্যদিকে, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হতে চলেছে বলে দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। শনিবার দিল্লিতে তাঁর বাড়িতে ইন্ডি জোটের নেতারা বৈঠকে বসেছিলেন। আড়াই ঘণ্টার বৈঠক শেষে কংগ্রেস সভাপতি ইন্ডি জোটের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, বুথ ফেরত সমীক্ষায় যাই বলা হোক না কেন, তা নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই।