
মোরাদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনওয়ার সর্বেশ।
শেষ আপডেট: 20 April 2024 21:20
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত উত্তরপ্রদেশের মোরাদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনওয়ার সর্বেশ। লোকসভা নির্বাচনের শুরুতেই বড় ধাক্কা গেরুয়া শিবিরে। গতকাল ১৯ তারিখ এই মোরাদাবাদ কেন্দ্রেই ভোট হয়েছে। আর পরদিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। এখন কী করণীয় সে নিয়ে চিন্তা বাড়ল নির্বাচন কমিশনের।
মোরাদাবাদ লোকসভা আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে লড়াই করছিলেন কুনওয়ার সর্বেশ সিং। এবার তাঁর জেতার সম্ভাবনা উজ্জ্বল ছিল বলেই জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৪ জুন ফলপ্রকাশের পরে যদি দেখা যায় তিনি ওই কেন্দ্র থেকে জিতেছেন তাহলে সেখানে নতুন করে ভোট হবে।
শুক্রবার প্রথম দফায় উত্তরপ্রদেশের মোরাদাবাদ লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। ওই কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন কুনওয়ার সর্বেশ কুমার সিং। জানা গেছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। ভোট চলার সময়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়।
মোরাদাবাদ সিটি কেন্দ্রের বিজেপি বিধায়ক রীতেশ গুপ্ত জানিয়েছেন, প্রথম দফায় ভোটের দিনই অসুস্থ বোধ করছিলেন কুনওয়ার সর্বেশ। তাঁর বুকে ব্যথা হচ্ছিল। হাসপাতালে নিয়ে গিয়ে জানা যায় তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। বিধায়ক বলছেন, এবার মোরাদাবাদ নির্বাচনে বেশ কঠিন লড়াই ছিল। ফলে প্রচারের সময় অনেকটা পরিশ্রম করেছিলেন তিনি। এই গরমে পুরোমাত্রায় প্রচার করেছিলেন। তারপরেই অসুস্থ হয়ে পড়েন।
মোরাদাবাদ থেকে কুনওয়ার সর্বেশের বিরুদ্ধে সমাজবাদী পার্টির হয়ে দাঁড়িয়েছেন রুচি বীরা গুপ্ত ও বিএসপি-র হয়ে ইরফান সফি। গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে কুনওয়ার সর্বেশ জিতেছিলেন প্রায় ৯৮ হাজার ভোটে। ১৯৬২-১৯৮৯ সাল পর্যন্ত তিনি কংগ্রেসে ছিলেন। পরে বিজেপিতে গিয়ে ভোটে জেতেন।
কুনওয়ার সর্বেশ সিংয়ের ছেলে কুনওয়ার সুশান্ত সিং বিজনৌর জেলার বাদাপুর বিধানসভার বিধায়ক। সর্বেশ সিং ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫ বার ঠাকুরওয়াড়া থেকে বিধায়ক হয়েছিলেন। তাঁকে ওই কেন্দ্রের বাহুবলী রাজনীতিবিদ মনে করা হত।