.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 16 April 2024 12:21
দ্য ওয়াল ব্যুরো: তিহার জেলে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দেখা করার পরদিনই, মঙ্গলবার সকালে পাঞ্জাবের লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল দল। বর্তমান বিধায়ক অশোক পরাশরকে লুধিয়ানা কেন্দ্র থেকে মনোনীত করেছে আপ। এছাড়া, ফিরোজপুর থেকে জগদীপ সিং কাকা ব্রার, গুরুদাসপুর থেকে আমনশের সিং এবং জলন্ধরে পবনকুমার টিনুকে প্রার্থী করা হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
ব্রার বর্তমানে মুক্তসার বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আমনশের সিং ওরফে শেরি কলসি বাটালা কেন্দ্রের বিধায়ক। টিনু সম্প্রতি শিরোমণি অকালি দলত্যাগ করে আপে যোগ দিয়েছেন। আগামী ১ জুন একসঙ্গে ১৩ আসনে ভোটগ্রহণ হবে পাঞ্জাবে। ১৩টির মধ্যে চারটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। এদিনের তালিকা নিয়ে ১৩টি আসনেই প্রার্থী ঘোষণা করল আম আদমি পার্টি।
অন্যদিকে, এদিনই কেন্দ্রের শাসকদল বিজেপি তাদের দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করে। মহারাষ্ট্রের সাতারা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ছত্রপতি উদয়নরাজে ভোঁসলে। পাঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্রে দাঁড়াচ্ছেন মনজিৎ সিং মান্না মিয়াবিন্দ। হোশিয়ারপুরে (সংরক্ষিত) অনিতা সোমপ্রকাশ। ভাটিন্ডা কেন্দ্রে প্রাক্তন আমলা পরমপল কৌর সিঁধু, উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ঠাকুর বিশ্বদীপ সিং, দেওরিয়া কেন্দ্রে শশাঙ্কমণি ত্রিপাঠী।
???? Announcement! ????
— AAP (@AamAadmiParty) April 16, 2024
The Aam Aadmi Party proudly presents its candidates for the upcoming Lok Sabha Elections 2024 in Punjab: pic.twitter.com/zPxvgKw2RL
অন্যদিকে, ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি। দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি ছিলেন ববি। এতদিন পর্যন্ত বাংলায় সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবার নিয়ে কোনও উচ্চবাচ্য করছিল না বিজেপি। অবশেষে ভোট শুরুর তিনদিন আগে হাইভোল্টেজ এই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির।
আসানসোল এবং ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী করবে তা নিয়ে কৌতূহল বাড়ছিল হু হু করে। পবন সিংকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর থেকে আসানসোল কেন্দ্র নিয়ে কার্যত সমস্যায় পড়ে বিজেপি। শেষমেশ দলকে ভরসা রাখতে হয়েছে পুরনো লোকের উপরই। গত বুধবার বিজেপির তরফে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অবশেষে ডায়মন্ড হারবার নিয়ে জল্পনার অবসান ঘটাল বিজেপি।