
শেষ আপডেট: 18 January 2021 11:44
কীভাবে!
ইউসি বার্কেলির রিসার্চাররা এক সমীক্ষায় জানিয়েছেন, খাবার খাওয়ার আগে, গন্ধ থেকেই বাড়তে পারে ওজন। জার্নাল সেল মেটাবলিজম-এ প্রকাশিত এক তথ্য থেকে জানা যাচ্ছে, খাবারের গন্ধের সঙ্গে শরীরে ফ্যাট জমে যাওয়ার মধ্যে একটি সম্পর্ক রয়েছে।
কয়েকটি ইঁদুর নিয়ে ল্যাবটেস্টের মাধ্যমে তাঁরা পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। প্রথমেই দুটো গ্রুপ আলাদা করে বানিয়েছেন। একদল যারা কোনও গন্ধ অনুভব করতে পারছে না। আর দ্বিতীয় দল যারা যেকোনও গন্ধই চটজলদি পেয়ে যাচ্ছে। দুটো দলকেই হাই-কার্ব ডায়েট দেওয়ার পর দেখা যাচ্ছে, যারা কোনও গন্ধ অনুভব করতে পারেনি, তাদের কোনও ওজনই বাড়েনি।
অন্যদিকে মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সুন্দর গন্ধযুক্ত খাবারের প্রতি লোভ সম্বরন করতে পারেন না অনেকেই। সেইক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত খাবার খেয়ে ফেলেন অনেকে। অধিকাংশ ক্ষেত্রে তার থেকেই ওজন বেড়ে যায়। জিভে জল আনা খাবারের গন্ধ নাকে এলেই, ফিটনেস গোল ভুলে যান বহু মানুষ। যেকারণে অতিরিক্ত খেয়ে ফেলেন কেউ কেউ।
রিসার্চার জানাচ্ছেন, মানুষের ক্ষেত্রে খাবারের গন্ধ নির্দিষ্ট করে কী কী প্রভাব ফেলে, সেইসব নিয়ে এখনও বহু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তাঁরা একইসঙ্গে জানাচ্ছেন সুন্দর গন্ধযুক্ত খাবার খিদে বাড়িয়ে দেয় অনেক সময়। সেকারণে নির্দিষ্ট ডায়েট মেনেই খেতে বলছেন ডাক্তাররা। শরীর সার্বিকভাবে সুস্থ রাখতে, অতিরিক্ত তৈলাক্ত, মশলাদার, সুগন্ধযুক্ত খাবার থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।