
শেষ আপডেট: 6 February 2021 12:03
বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরনের প্রভাবে সিবেসিয়াস গ্রন্থি অধিক হারে তেল নিঃসরণ শুরু করে। অনেক সময় এই তেল সিবেসিয়াস গ্রন্থি থেকে বের হতে পারে না বলে তা ভেতরে জমে ফুলে যায়, দিয়ে ব্রণর সৃষ্টি হয় মুখে।
দেখে নিন কেন ব্রণ খুব বেশি ছড়িয়ে পড়ে
১. প্রক্রিয়াজাত খাবার
হরমোনজনিত ব্রণর জন্য খাদ্যাভ্যাস সরাসরি দায়ী না হলেও কিছু কিছু খাবারের কারণে হরমোনজনিত ব্রণ বেড়ে যেতে পারে। রোজকার খাবারে ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকলে তা সেবাম উৎপাদন বাড়িয়ে দেয় এবং তা থেকে ব্রণ হতে পারে। হরমোনজনিত ব্রণ কমিয়ে ত্বক সুস্থ রাখতে চাইলে পরিশোধিত দানাশস্যজাত খাবার অর্থাৎ পাস্তা, সিরিয়েল ও পাউরুটি খাওয়া কমিয়ে দিন। কার্বোনেটেড পানীয়, মিষ্টি, দুধ ও চিজের মতো দুধ থেকে তৈরি খাবার খাওয়া চলবে না। বাদ দিতে হবে বার্গার, পেস্ট্রি, সসেজের মতো ফাস্ট ফুড। ছাঁটাইয়ের তালিকায় রয়েছে ডার্ক চকোলেটও।
সমাধান
বাইরের যাবতীয় তেলযুক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে যেতে হবে। সবুজ শাক সবজির সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট রুটিন ও ডায়েট মেনে চলতে হবে। দিনে প্রচুর পরিমাণ জল ও ফল খেতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনও ভাবেই ডিহাইড্রেশন না হয়ে যায়।
২. শ্যাম্পু ও কন্ডিশনার
শ্যাম্পুর মধ্যের যে উপাদানটি চুলে ফেনা তৈরি করে তা ত্বকের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়ার পরিমান বৃদ্ধি করে। আবার কন্ডিশনারের তৈলাক্ত উপাদান মুখের ত্বকের লোমকূপ বন্ধ করে দিয়ে ত্বকে ব্রণের কারণ হয়ে দাড়ায় কখনও কখনও।রাতে শোয়ার সময় আমাদের মাথার আর মুখের ত্বকের তেল, জীবাণু বালিশের কাভারে লেগে যায়। ক্রমাগত এগুলো জমা হয়ে আমাদের ত্বকে লাগে আর তা থেকে ধীরে ধীরে ত্বকে ব্রণ হয়। আপনার তোয়ালে, মেকআপ ব্রাশ, স্পঞ্জ, পাফ নিয়মিত পরিষ্কার না করে ব্যবহার করলে ত্বকে ব্রণ হতে পারে।
সমাধান
মাথায় শ্যাম্পু করার পর অবশ্যই মুখের ত্বক ফেসওয়াস বা যা দিয়ে আপনি আপনার ত্বকের ধরণ অনুযায়ী ত্বক পরিষ্কার করেন তা দিয়ে মুখের ত্বক পরিষ্কার করে ধুয়ে ফেলা। আপনার তোয়ালে, মেকআপ ব্রাশ, স্পঞ্জ, পাফ নিয়মিত পরিষ্কার করা আর মুখের ব্যবহারের জন্য আলাদা তোয়ালে ব্যবহার করা। বালিশের ও বিছনার চাদর নিয়মিত পরিষ্কার রাখা।
৩. ড্রাই স্কিন
অনেকেই মনে করেন কেবল মাত্র তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেই ব্রণর সমস্যা হয়, ব্রণ ছড়িয়ে পড়ে। কিন্তু আসলে যাঁদের ড্রাই স্কিন তাঁদেরও সমানভাবে এই সমস্যার সম্মুখীন হতে হয়। ত্বক যখন খুব বেশি শুষ্ক হয়ে যায় তখন তারমধ্যে মাইক্রোস্কোপিক ফাটল ও বিচ্ছিন্নতা বাড়ে। এরফলে ব্যাকটেরিয়াগুলো এই ফাটলের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে। বাইরের দূষণের সংস্পর্শে ও ধূলোবালির জন্য আরও বেশি করে মুখে ছড়িয়ে পড়ে ব্রণ।
সমাধান
সবার প্রথমে যেটা দরকার তা হল আপনার স্কিনটোনের টাইপ কীরকম সেটা আগে নির্ণয় করা। ড্রাই স্কিনের জন্য যেটা সবথেকে বেশি দরকার তা হল ত্বককে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজ রাখা। এর ফলে ব্রণর ছড়ানোর সম্ভাবনাও অনেকটা কমে।