
শেষ আপডেট: 11 April 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো: ফুলকপি, বাঁধাকপি খেয়ে অভ্যস্ত বাঙালি রসনায় এখনও ব্রোকোলি নামক সব্জি তেমন পাত্তা পায়নি। তবে হালে বাঙালি স্বাস্থ্য সচেতন। তারা এখন কন্টিনেন্টাল খাওয়া শিখছে। পাতে পড়ছে অ্যাভোক্যাডোর স্যালাড, ব্রোকোলির স্যুপ। কৃষি দফতরও বিকল্প চাষে ব্রোকোলি ফলাতে উৎসাহী। পুষ্টিবিদরা এখন এই সব্জির গুণাবলী সম্পর্কে প্রচার চালাচ্ছে। কী ভাবে খাওয়া যায়, লিখে দিচ্ছেন তাও।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রোকোলির গুণ অনেক। এই সব্জি নিয়মিত খেলে শরীরের উপকার তো হবেই, প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় রোগ প্রতিরোধ শক্তিও বাড়বে।

পেট ভাল রাখে, হজম করায়
ব্রোকোলিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। দু’কাপ পরিমাণ ব্রোকোলিতে প্রোটিনজাত উপাদান রয়েছে ৫ গ্রাম। তা ছাড়া ব্রোকোলিতে রয়েছে ফোলেট, ম্যাঙ্গানীজ, পটাসিয়াম, ফসফরাস, ভিটামিন সি ও ভিটামিন কে। এতে ক্যালোরির পরিমাণও খুব কম। এক কাপ ব্রোকোলির ক্যালোরি কাউন্ট মাত্র ৩১।
এই সব্জির স্যুপ বা কম মশলা দিয়ে রান্না করে খেলে পেট ভাল থাকে। হজমশক্তি বাড়ে। ব্রোকলিতে আয়রনের পরিমাণ অনেক থাকে। ভিটামিন এ-এর একটি ভালো উৎস। তাছাড়া কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সালফার সমৃদ্ধ হওয়ায়, ব্রোকোলি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।

হাড়ের স্বাস্থ্য ভাল রাখে
ব্রোকোলিতে প্রচু পরিমাণে ক্যালসিয়াম ও কোলাজেন থাকে। এটি ভিটামিন সি-র ভাল উৎস। ক্যালসিয়াম থাকায় হাড়ের স্বাস্থ্য ভাল রাখে ব্রোকোলি। তাছাড়া ব্রোকোলিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা অস্টিওপোরেসিসের সম্ভাবনা কমায়। অস্টিওপোরেসিস হল ক্যালসিয়াম এর অভাব জনিত একটা রোগ।অস্থির বৃদ্ধির জন্য চাই ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। বয়স্ক পুরুষ ও মহিলাদের সাধারণত এ রোগটা হয়ে থাকে। যেসব বয়স্ক পুরুষ বহুদিন যাবত স্টেরয়েড জাতীয় ওষুধ খান তাঁদের এবং মহিলাদের মেনোপস হওয়ারর পর এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রোকোলি খেলে এই ধরনের অসুখের ঝুঁকি কমে।

ক্যানসারের ঝুঁকি কমায়
ব্রোকোলির একটি মূল উপাদান হল সালফোরাফেন। এটি একটি ফাইটোকেমিক্যাল, যা ব্রোকোলির সামান্য তেতো স্বাদের জন্যও দায়ী। গবেষণায় দেখা গেছে যে, সালফোরাফেন ক্যানস্যারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রোকলির বিটা ক্যারোটিন ও সেলিনিয়াম যৌগ ও ও ভিটামিন সি প্রস্টেট, কোলন, ফুসফুস, যকৃত, স্তন ও প্যানক্রিয়াটিক ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।
৪০ পার করছে তাপমাত্রা, দাবদাহ থেকে বাঁচতে কী কী সাবধানতা অবলম্বন করবেন
ব্রোকোলিতে ইন্দোল-৩-কার্বিনল (I3C) নামে একটি উদ্ভিজ্জ যৌগ থাকে। এটা উদ্ভিজ্জ ইস্ট্রোজেন হিসেবে কাজ করে। আমাদের শরীরে এটা ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।