দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল যখন ঠাকুমা, দিদিমাদের মুখে নানা গল্প শুনতে শুনতেই দিন কেটে যেত। এখনও ঘুমপাড়ানি গল্প শুনতে অনেক শিশুই পছন্দ করে। কখনও আবার মা-বাবার কাছেও আবদার করে গল্প শোনানোর জন্য। কিন্তু বড়রা কাদের কাছে আবদার করবেন! বয়স হলেও কখনও কখনও ইচ্ছে তো হয় কেউ গল্প বলে শোনাক! সেই ইচ্ছে এবার পূরণ করবে 'বইটক'। ইউটিউবে তাদের চ্যানেলে গিয়ে এবার শোনা যাবে বিভিন্ন ভাষার গল্প, উপন্যাস।
করোনা আবহে দীর্ঘদিন গৃহবন্দি থেকে জীবনযাপনে একাধিক পরিবর্তন এসেছে। আবার এই নিশ্চুপ সময়ে শিল্পীরাও নিত্যনতুন কাজে মগ্ন থেকেছেন। এই সময়টাকেই কাজে লাগিয়েছে 'বইটক'-এর সদস্যরা। সকলে মিলে একটা জুম মিটিংয়ে হঠাৎ ঠিক করে ফেলেন গল্প পড়ে শোনাবেন সকলকে। সেই থেকেই শুরু হয়েছে তাঁদের পথচলা।
বিভিন্ন ভাষার গল্প, উপন্যাসের ডালি সাজিয়ে বসেছেন তাঁরা। প্রথমেই বাংলা সাহিত্যের কিছু কম আলোচিত গল্প নিয়ে শুরু করেছেন অনুষ্ঠান। এই গল্পগুলো সচরাচর লোকমুখে শোনা যায় না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডালিয়া', পরশুরামের 'তিরি চৌধুরী'। এমন আরও অনেক ক্লাসিক গল্পের আসর বসাবেন ইউটিউবে। তাঁদের মতে শিশু থেকে বয়স্করা প্রত্যেকেই উপভোগ করবেন এই অনুষ্ঠান।
নানা স্বাদের গল্প থাকবে তাদের ইউটিউব চ্যানেলে। ভৌতিক, ঐতিহাসিক, প্রেম, বিরহ, সাসপেন্স সমস্ত ধরনের গল্প তাঁরা পড়ে শোনাবেন। যাতে প্রতিটা মানুষ এই চ্যানেল সাবস্ক্রাইব করলে বিভিন্ন সময় নানা ধরনের গল্প শুনতে পারেন। শুধু বাংলা হয়, আরও অনেক ভাষায় গল্প বলে তাঁরা শোনাবেন। তাঁরা জানিয়েছেন এই নিয়ে বিভিন্ন জায়গার লেখক, সঙ্গে কথা বলতেও শুরু করেছেন। বলাই বাহুল্য আগামী দিনে বইপ্রেমী, পড়ুয়া, শ্রোতাদের প্রত্যেকেরই সময় ভাল কাটতে চলেছে।