
শেষ আপডেট: 25 February 2022 11:01
ভালো অন্দরসজ্জায় আলোর ব্যবহার খুব হিসেব করে হয়। মূলত সিলিং বা ট্রে লাইট, এবং কিছু ওয়াল ব্র্যাকেট বা শ্যাল্ডেলিয়ার। কিন্তু আলো ব্যবহারের ক্ষেত্রে প্রাথমিক ভাবনা হল, আলোর উৎস যেন আড়াল থাকে এবং সিওবি লাইটের ক্ষেত্রে খুব বেশি আলো ঝলমলে যেন না হয়। একটা সাধারণ উদাহরণ দেওয়া যেতে পারে, মোটামুটি বারো বাই বারো ঘরের ক্ষেত্রে ৯ ওয়াটের প্রায় গোটা পনেরো সিওবি (স্পট) লাইটের দরকার হয়। প্যানেল সিলিং লাইট ১২ বা ১৫ ওয়াটের হলে বারোটার মত। এছাড়াও ট্রে সিলিং-এর ফাঁক দিয়ে স্ট্রিপ লাইট একটা অন্যরকম মাদকতার সৃষ্টি করে। তার সঙ্গে দেওয়ালে পিকচার লাইট কিংবা ব্রাকেট লাইট লাগানো যেতে পারে। ড্রেসিংটেবিল হলে ছোট পিকচার লাইটে ভালো কাজ দেয়।
এবার প্রশ্ন, কী ধরনের আলো ব্যবহার করা ভালো? সাধারণত সাদা আলোর প্রতি আমাদের ঝোঁক বেশি। কিন্তু পড়াশোনা বা কাজের ক্ষেত্রে সবচাইতে সুবিধেজনক আলো হল 'ওয়ার্ম হোয়াইট'। ওয়ার্ম হোয়াইট আলোয় ঘর দেখতেও সুন্দর লাগে। কোভ লাইটিং বা স্ট্রিপ লাইটের ক্ষেত্রে নানান কালারের অপশন থাকে। ওয়ার্ম হোয়াইট তো হতেই পারে, তাছাড়াও লাল, নীল, বেগুনি, হলুদ- ইচ্ছেমতন ব্যবহার করতে পারা যায়। এমনকী কালার হুইল লাগিয়ে রঙের রকমফেরও করে নেওয়া যেতে পারে।
আলোর সোর্স না দেখিয়ে অনেকটা আলোর ব্যবহার করতে পারলে ঘরের ভিতরটা দেখতেও ভালো লাগে। সিলিং ডাউন করে কালার বা এচিং গ্লাস লাগিয়ে তার ভিতর দুটো তিনটে চার ফুটের এলইডি ব্যাটান লাগিয়ে দেওয়া যায়। কাচের মধ্যে থেকে অনেকটা আলো নীচে এসে পড়বে, কিন্তু আলোর সোর্স দেখা যাবে না। চারিদিকের আলো নিভিয়ে শুধু এই আলোর মধ্যে বসে থাকলেই মনটা ভালো হয়ে যায়।
সবশেষে আবার সেই একই প্রশ্ন ঘুরেফিরে আসে। ভালো অন্দরসজ্জায় এত আলোর ব্যবহার হয় কেন। আসলে অন্দরসজ্জার রোশনাই ফুটে ওঠে আলোর নীচে। আলো কম হলে অনেক সুন্দর করে সাজানো ঘরও দেখতে ভালো লাগে না। তবে সব আলো সব সময় জ্বালিয়ে রাখার দরকারই নেই। ঘরের এক একটা ভাগের আলো কন্ট্রোল করার জন্যে আলাদা সুইচ বোর্ড থাকে, আর এক একটা সুইচে তিন চারটে সিওবি জ্বালানো যায়। সুতরাং যেদিকে দরকার সেদিকের আলো জ্বালালেই হলো। একমাত্র কোন উৎসবের সময় সব আলো জ্বালিয়ে দিলেই ঘরগুলো সুন্দর লাগবে দেখতে।
লেখক পেশায় ইন্টিরিয়র ডিজাইনার