
শেষ আপডেট: 27 December 2020 09:22
৫৫ বছরে পা দেওয়ার আগেই সালমান জানিয়ে দিলেন তিনি 'গ্যালাক্সি'তে নেই। 'গ্যালাক্সি' তাঁর মুম্বাইয়ের বাঙ্গলোর নাম। যার সামনে প্রতিবছর আজকের দিনে হাজার হাজার মানুষের ভিড় জমে। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে অনুরাগীদের এক ঝলক দেখা দেন তিনি। তাঁর এক ঝলক দেখার জন্য আগের দিন রাত থেকেই বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় যেমন জমে, তেমনই সাধারণ মানুষ থেকে শুরু করে তাঁর পাগল অনুরাগীরা দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে আজকের দিনে।
পরিস্থিতির কারণে সালমান জানিয়ে দিয়েছেন এবছর তিনি ধুমধাম করে জন্মদিন পালন করবেন না। জন্মদিনের আগের দিন রাতে বাড়ির সামনে ঝুলিয়ে দেওয়া হয় একটি বোর্ড। তাতে লেখা রয়েছে, "এতবছর ধরে আপনাদের ভালবাসায়, আবেগে আমি আপ্লুত। তবে এবছর প্যানডেমিকে আমি অনুরোধ করছি বাড়ির সামনে ভিড় করবেন না। মাস্ক পরুন। স্যানিটাইজ করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। এখন আমি গ্যালাক্সিতে নেই।"
মুম্বাইয়ের পানভেলের ফার্ম হাউসে রয়েছেন এখন ভাইজান। সেখানেই মাঝরাতে উপস্থিত হন শহরের নামকরা সংবাদমাধ্যমের ফটোগ্রাফাররা। তাঁরাই কেক নিয়ে হাজির হলে, সেখানেই শুধুমাত্র দেখা গিয়েছে সালমানকে। তাছাড়া এবছর তিনি বাড়িতেই নিভৃতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
দেখা না পেলেও সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে সালমান অনুরাগীদের শুভেচ্ছা বার্তার পোস্টে। ইতিমধ্যেই 'অন্তিম:দ্য ফাইনাল ট্রুথ'-এর এক ঝলক দেখে ব্লকব্লাস্টার ঘোষণা করে দিয়েছেন তাঁর অনুরাগীরা। অন্যদিকে শোনা যাচ্ছে আগামী বছর ঈদে মুক্তি পেতে পারে 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই'।