
শেষ আপডেট: 23 December 2020 08:56
ব্রন কেন হয় -
সাধারণত সুস্থ থাকাটা জীবনযাত্রার মানের উপর নির্ভর করে। এমনকি ত্বকের স্বাস্থ্যের মানও নির্ভর করে ডায়েটের উপর। অতিরিক্ত তৈলাক্ত, ফাস্টফুড জাতীয় খাবার থেকে ব্রনর সমস্যা দেখা দিতে পারে। আবার বাজার চলতি অনেকে স্কিনকেয়ার প্রোডাক্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যা থেকেও হতে পারে ব্রন, ব্রেকআউটসের সমস্যা। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত টেনশন করলে, বা স্ট্রেস নিলেও মুখে ছোট ছোট বাম্পস দেখা দিচ্ছে। সেক্ষেত্রে একেবারেই এড়িয়ে যাওয়া উচিত নয়। কারণ এই ধরনের ব্রন বাজারচলতি প্রোডাক্ট ব্যবহার করলেও সারে না।
কীভাবে হয় স্ট্রেস থেকে ব্রন-
পিরিয়ডের আগে সাধারণত ব্রনর সমস্যা দেখা দেয়। কিন্তু স্ট্রেসের কারণে ব্রন হলে সেটা সম্পূর্ণ ভিন্ন একটা সমস্যা। কার্টিসল হরমোন বেশি নির্গত হলেই ব্রনর সমস্যা দেখা দেয়। কখনও কখনও অতিরিক্ত চাপ পড়লে কার্টিসল হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং বেশি মাত্রায় নির্গত হয়। এই হরমোনের ভারসাম্য নষ্ট হলেই মুখের ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়। ত্বকের ছিদ্র বড় হয়ে যায়। ফলে যে ব্যাকটেরিয়ার কারণে ব্রন হয় সেগুলো ত্বকের মধ্যে এই ছিদ্রগুলোতে চেপে বসে থাকে। বেশি রাত জেগে থাকার ফলে, পরের দিন মুখে ছোট ছোট বাম্পস বা ব্রন দেখা দিতে পারে। সাধারণত মুখের টি-জোন অর্থাৎ কপাল, নাক, এবং চিবুকের কাছে ব্রন হতে পারে।
কীভাবে সমস্যা সমাধান করবেন -
প্রথমেই স্ট্রেস কমানোর চেষ্টা করুন। শরীর, মনের উপর যে জিনিসটা চাপ ফেলছে সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন না। চেষ্টা করুন তাড়াতাড়ি শুয়ে পড়ার। অন্তত ৮ ঘণ্টা ঘুমাতে পারলে শরীর, মন দুইই চাঙ্গা থাকবে। সকালে একটু এক্সারসাইজ করার চেষ্টা করুন। মেডিটেশন করে স্ট্রেস কমাতে পারেন। তাছাড়াও মাঝে মাঝেই এধরনের সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। হয়ত ওষুধ বা অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হতে পারে।
