
শেষ আপডেট: 9 May 2023 10:35
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব-রাজনীতিতে আমেরিকা বনাম চিন টানাপোড়েনের ছায়া এবার চলে এল প্যাডেও (OnePlus Pad)।
আইপ্যাড। নামটুকুই যথেষ্ট, বেশি কিছু বলার দরকার নেই। প্যাড বলতেই ইলেকট্রনিক্স দুনিয়ার মুকুটহীন সম্রাট অ্যাপলের আইপ্যাড, যার বিকল্প হতে পারে বলেই কেউ ভাবেনি কখনও। শোনা যায়, আইফোনের আগেও অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের মাথায় ছিল আইপ্যাডের আইডিয়া। বলতেন, এমন কম্পিউটার বানাতে চাই, যেটা বইয়ের মত সঙ্গে করে নিয়ে ঘোরা যাবে এবং অপারেট করা শিখতেও আধঘন্টা লাগবে। সে প্রায় আশির দশকের কথা। কিন্তু আইপ্যাড দিনের আলো দেখে অনেক পরে, ২০১০ সালে, জোবসের মৃত্যু এক বছর আগে।

এবার সেই আইপ্যাডেরও প্রতিদ্বন্দ্বী এনে ফেলল চিন। সৌজন্যে— চিনের 'ওপো'-র অধীনস্থ সংস্থা ওয়ানপ্লাসের বানানো প্যাড।
দামে অনেকটাই সস্তা। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮০০০ টাকা। অ্যান্ড্রয়েড ১৩ চালিত এই প্যাডে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অবধি মেমোরি। ১১.৬ ইঞ্চি এলসিডি স্ক্রিনে মসৃণ, ধাতব চেহারা, ওজনেও সাড়ে পাঁচশো গ্রামের কাছাকাছি। চারটি স্টিরিও স্পিকার রয়েছে, সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সমস্যা একটাই, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, ফলে 'আনলক' করার জন্য একমাত্র ক্যামেরা-নির্ভর মুখ-চেনা বা 'ফেস রেকগনিশন' সিস্টেমেই ভরসা রাখতে হবে আপনাকে।

এই প্যাডের আরও একটি শক্তিশালী দিক হল ব্যাটারি। রয়েছে ৯৫১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) লিথিয়াম পলিমার ব্যাটারি, যা ফুল ব্রাইটনেসে টানা দশ ঘন্টা ধরে ফিল্ম বা ভিডিও চালিয়ে রাখতে সক্ষম।
অ্যাপলের আইপ্যাড ১০-এর চাইতে স্ক্রিন সাইজে এগিয়ে এবং দামেও বাজার অনেকটা ধরতে চাইছে ওয়ানপ্লাস। আপাতত শুধু 'হ্যালো গ্রিন' রঙের মডেলই বাজারে নিয়ে আসছে তারা। তারপর চাহিদা বুঝে জোগান এবং বৈচিত্র্য বাড়ানো যাবে।
তবে বাজারে অ্যান্ড্রয়েড প্যাড যথেষ্টই রয়েছে এবং স্যামসাং অনেকটাই বাজার ধরে রেখেছে। সেখানে অ্যান্ড্রয়েডে ভরসা করে মার্কিন সংস্থা অ্যাপলের নিজস্ব আইওএস প্যাডকে কি টেক্কা দিতে পারবে ওয়ানপ্লাস? সময়ই উত্তর দেবে।