
শেষ আপডেট: 10 May 2018 11:02
ডাবের জল তো প্রায় সবাই কোনও না কোনও সময় খেয়েই থাকেন। বিশেষ করে গরমের দিনে তেষ্টা মেটাতে ডাবের জলের জুড়ি নেই । কিন্তু নারকেলের দুধ সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই। নারকেলের দুধও কিন্তু খুব উপকারী।
ডাবের জল মুলত যাঁরা শরীরচর্চা করছেন তাঁদের পক্ষে খুবই উপকারী। কারণ, ডাবের জলে ক্যালরির পরিমাণ খুব কম থাকে। এক গ্লাস ডাবের জলে ক্যালরির পরিমাণ থাকে মাত্র ৪৫। এছাড়া এতে থাকে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক প্রমুখ পুষ্টি উপাদান যা শরীরের শক্তি বৃদ্ধিতে এবং পুষ্টি বজায় রাখতে সাহায্য করে। ফলে শরীর হয় সুগঠিত। তাই যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন বা জিমে যান, তাঁরা নিজেদের ডায়েট চার্টে অবশ্যই রাখতে পারেন ডাবের জল।
অন্য দিকে, নারকেলের দুধ যেহেতু একটি পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয় তাই এর কার্যকারিতা জলের থেকে অনেকটাই আলাদা। এমনকী, নারকেলের দুধে ক্যালরির পরিমাণ থাকে অনেক বেশি। এছাড়াও এতে ফ্যাটের পরিমাণও বেশি। এক কাপ নারকেলের দুধে ক্যালরির পরিমাণ থাকে ৪৪৫ ও ফ্যাটের পরিমাণ থাকে ৪৮ গ্রাম। তাই কেউ চাইলেই চা, কফি তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক এই দুধ ব্যবহার করতেই পারেন। আবার যাঁরা ওজন বাড়াতে চাইছেন, তাঁরাও খেতে পারেন নারকেলের দুধ। এটি অন্য্যান্য ফ্যাটসমৃদ্ধ খাবারের থেকে অনেকাংশে ভাল।
তাই ডাব-নারকেলকে অবহেলা করবেন না। সুস্থ থাকতে খান ডাব আর নারকেলও।