
শেষ আপডেট: 10 December 2020 18:30
ভারতে এখনও গরম পানীয়ের তালিকায় চা সবার উপরে। ঘরে ঘরে খোঁজ নিলে জানা যাবে বেশিরভাগ মানুষই দিন শুরু করেন চা বিস্কুট দিয়ে। সেই ভাবনাকে কাজে লাগিয়েই তৈরি হয়েছে এই নতুন ধরনের কাপ, যাতে চায়ের সঙ্গে বিস্কুটের স্বাদও পাবেন। নতুনরকমের এই ভাবনাকে কাজে লাগিয়ে চা-প্রেমীদের চমকে দিয়েছেন মাদুরাইয়ের আরএস প্যাথি নীলগিরি চায়ের স্টলের মালিক বিবেক সবাপ্যাথি।
বহু দিনের পুরোনো এই দোকান। ১৯০৯ সাল থেকেই এই দোকানের চায়ের প্রতি এক আলাদা ভালবাসা আছে ওখানকার মানুষদের। তবে এবার শ্রদ্ধা জন্মালো মালিকের উপর। কারণ তাঁর মাথাতেই এসেছে এমন আশ্চর্য ভাবনা। সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্লাস্টিকের কাপে চা খাওয়া আর চলবে না। জানা যাচ্ছে ২০২২ এর মধ্যে সমস্ত প্লাস্টিকের জিনিস ব্যান করে দেওয়া হবে। এই নির্দেশের পরেই ভারতের বিভিন্ন দোকানের মালিকেরা নতুন উপায়ের কথা ভাবতে শুরু করে দিয়েছিলেন। তার মধ্যেই চমকে দিল এই নতুন চকলেট বিস্কুটের কাপ।
প্লাস্টিকের বদলে পরিবেশ বান্ধব উপায় খুঁজছিলেন দোকানের মালিক। বিস্ভাকুটের কাপের এই অভিনব ভাবনা মাথায় আসা মাত্রই কাজে লাগাতে শুরু করেন। জুলাইয়ের শুরু থেকে এভাবেই চা বিক্রি চলছে সেই দোকানে। এক একটি
কাপে ৬০মিলিলিটার চা ধরে। এক কাপ চায়ের দাম মাত্র ২০টাকা। তবে দোকানের কর্মচারীরা জানান এই কাপের চা ১০ মিনিটের মধ্যে খেয়ে ফেলতে হবে। নয়তো এই কাপ নরম হয়ে যাবে। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অভিনব চায়ের কাপের খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে। এখন ভিড় সামলানো মুশকিল হচ্ছে দোকানে। তবে জানা যাচ্ছে নতুন বছরে আরও অনেক স্বাদের, রঙের চায়ের কাপ তারা আনতে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় এই কাপের খবর ছড়িয়ে পড়তেই, এই অভিনব ভাবনার জন্য মালিককে সাধুবাদ জানাচ্ছেন বহু মানুষ। যাঁরা চা খেতে যাচ্ছেন তাঁরা কাপের ছবি শেয়ার করে এই দোকানে আসতে বলছেন প্রত্যেককে। একইসঙ্গে এই ধরনের ভাবনা থেকে উৎসাহিত হয়ে ভারতের অন্যান্য দোকানের মালিকদেরও 'প্লাস্টিক ফ্রি কান্ট্রি' গড়ে তোলার অনুরোধ জানাচ্ছেন অনেকে।