দ্য ওয়াল ব্যুরো: শরীর থাকলে রোগও থাকবে, কিন্তু তাই বলে তাকে একদম প্রশ্রয় দেবেন না। আজকালকার দিনে প্রায় সকলকেই বলতে শোনা যায় ইউরিক অ্যাসিড নিয়ে সমস্যার কথা। রোগের কাছে বয়সের বাদ বিচার নেই! আঠারো থেকে আশি সকলেই ভুগছেন এর কারণে।
হাঁটু ব্যথা থেকে পায়ের তলায় ব্যথা সবই এর উপসর্গের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরা যদিও একে একধরনের বাত বা আর্থ্রাইটিস বলে চিহ্নিত করেছেন। এর ফলে আপনার কিডনিতে পাথর, এমনকি কিডনি বিকল পর্যন্তও হতে পারে।

কিন্তু আপনি যে অতিরিক্ত ইউরিক অ্যাসিডের সমস্যাতে ভুগছেন, তা বুঝবেন কী করে? রক্ত পরীক্ষার মধ্যে দিয়েই শনাক্ত করা যায় শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাপ। গবেষণায় জানা গেছে কোনও ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভোগেন তাহলে তা তাঁর জীবনের ঝুঁকিও অনেকটা বাড়িয়ে দেয়। ইউরোপের 'জার্নাল অফ ইন্টারনাল মেডিসিন'-এ প্রকাশিত হয় এই তথ্য।
লিমেরিকের স্কুল অফ মেডিসিনের গবেষকদের মতে কেউ যদি ইউরিক অ্যাসিড বেশি থাকার সমস্যায় ১১ বছরের বেশি সময় ধরে ভোগেন তাহলে তা তাঁর জীবনহানিও ঘটাতে পারে। বেশি মাত্রায় ইউরিক অ্যাসিডের ফলে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস পর্যন্তও হতে পারে। তাঁদের ২৬ হাজার ৫২৫ জনের মধ্যে একটি সার্ভে করেন যার ফলাফল যথেষ্ট খারাপ। মৃত্যুহারও যথেষ্ট বেশি।

এখন কতটা পরিমাণ ইউরিক অ্যাসিড শরীরে থাকলে সুস্থ থাকা যাবে, এই প্রশ্ন উঠতেই পারে! গবেষকরা তারও উত্তর দিয়েছেন। কী কী খাবার খেলে ভাল থাকা যাবে সেই নিয়েও তাঁরা মতামত দিয়েছেন। পাশাপাশি গুরুত্ব দিয়েছেন শারীরিক ফিটনেসের ওপরেও।
ইউরিক অ্যাসিড সম্পর্কিত সমস্যা নিয়ে আরও বেশি করে সাধারণ মানুষকে সচেতন করেছেন পুষ্টিবিদ মালা চ্যাটার্জী। অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিডে ভোগা ব্যক্তির ডায়েট কেমন হওয়া উচিত সেই বিষয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেন যে রোগীর খাদ্য তালিকা থেকে পিউরিন জাতীয় খাবার বাদ দিতে পারলে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেকটাই কমে। পিউরিন কী সেটা অনেকেই জানেন না। তিনি সেই বিষয়টিও স্পষ্ট করে বলে দেন, পিউরিন হল একটি রাসায়নিক যৌগ যা হজম প্রক্রিয়া চলাকালীন ভেঙে গিয়ে ইউরিক অ্যাসিডে পরিণত হয়। এটি কিছু নির্দিষ্ট শাকসবজি ও প্রাণী-ভিত্তিক খাবারের মধ্যেও পাওয়া যায়।

নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে মালা চ্যাটার্জী কিছু পরামর্শ দিয়েছেন। যার মধ্যে তিনি একটি নির্দিষ্ট ডায়েট চাট মেনে চলার কথাও বলেছেন। খাদ্য তালিকা থেকে বাদ দিতে বলেছেন ৯টি খাবার। যেগুলো এড়িয়ে গেলে সহজেই কমতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা।
আসুন একবার দেখে নেওয়া যাক, কী সেই খাবার! যে গুলোকে এড়িয়ে গেলেই আপনি খুঁজে পাবেন ইউরিক অ্যাসিড এড়িয়ে চলার চাবিকাঠি।
১. পালং শাক
২. মাশরুম
৩. রেড মিট
৪. চিংড়ি
৫. টোম্যাটো
৬. মুগ ডাল
৭. মুসুরির ডাল
৮. সয়াবিন
৯. কফি
বেঙ্গালুরুর আরও একজন বিখ্যাত পুষ্টিবিদ ডঃ অঞ্জু সুদও এই ব্যাপারে তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে বের করে দেওয়ার জন্যে, আপনাদের শরীরের চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। তাহলেই অনেকটা সুস্থ বোধ করবেন, এবং ইউরিক অ্যাসিডের মাত্রাও কমে যাবে।"