
শেষ আপডেট: 2 May 2019 15:12
সুতপা বড়ুয়া [/caption]
চট্টগ্রাম যে আমার হৃদয়ের খুব কাছের সে কথা এর আগেও বহুবার বলেছি। হবে নাই বা কেন বলুন? আমার জন্ম, শৈশব, বড় হয়ে ওঠা সবই তো চট্টগ্রামেই।তাই খাবারের পছন্দের তালিকাতেও চট্টগ্রামের প্রভাবই বেশী। আমি আবার মাছ খেতে খুব ভালোবাসি। সঙ্গে মাছের তেল আর মাছের ডিম হলে তো কথাই নেই। চট্টগ্রাম বন্দর নগরী বলে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় ওখানে। এবং মাছের রকমারি রান্নারও প্রচলন রয়েছে সেখানে। আজ আমিও আপনাদের সঙ্গে হাতে মাখা মাছের ডিমের সাথে ঝিরিঝিরি বেগুনের রেসিপি শেয়ার করছি। মাছের ডিমের বড়া তো অনেকবার খেয়েছেন। এ বার একটু অন্যরকম স্বাদ নিয়ে দেখুন।
উপকরণ:-
মাছের ডিম - ১৫০ গ্ৰাম
টমেটো- ২টো
ছোট ছোট করে পেঁয়াজ কুচি - মাঝারি সাইজের ২টো
পেঁয়াজ বাটা -১ চা চামচ
রসুন কুচি - ৫-৬ টি কোয়া
বেগুন - মাঝারি সাইজের একটি, ঝিরিঝিরি করে কাটা
কাঁচা লঙ্কা - ৩-৪টি কুচনো
হলুদ গুঁড়ো - ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো - দেড় চা চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
ভিনিগার -১ চামচ
লেবুর রস - ১ চামচ
জল- দেড় কাপ
ধনেপাতা কুচি
তেল - ৩/৪ টেবিল চামচ
নুন আন্দাজ মতো
প্রণালী:-
প্রথমেই মাছের ডিম ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর ডিমের উপর ছড়িয়ে দিতে হবে এক চামচ ভিনিগার। যে পাত্রে রান্না হবে তাতে একে একে সব মশলা, তেল, লেবুর রস, পরিমাণ মতো নুন এবং জল আর ওই ভিনিগার মাখানো মাছটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। অনেকেই হয়তো ভাবছেন কাঁচা মাছের ডিম ওভাবে মশলার মধ্যে দিলে আঁশটে গন্ধ হবে রান্নাতে। কিন্তু একটুও গন্ধ হবে না। তবে হ্যাঁ গোটা বিষয়টা খুব ভালো করে সময় নিয়ে ফোটাবেন। আর একটা কথা, মাছের ডিম দিয়ে রান্না হলে তাতে তেল-মশলা একটু বেশিই লাগে। তাই অবশ্যই সেটা পরিমাণ মতো হওয়া প্রয়োজন। মশলা দিতে কিপ্টেমো করলে রান্নার স্বাদে তার প্রভাব পড়বেই।
মাছের ডিমের পুরো মিশ্রণটা ফোটাতে ফোটাতে গ্রেভিটা গা মাখা হয়ে এলে ঝিরিঝিরি করে কাটা বেগুনগুলো দিয়ে দিন। তারপর আরও খানিকক্ষণ কম আঁচে রেখে কষিয়ে নিন। তবে খেয়াল রাখবেন বেগুনগুলো যেন একেবারে গলে না যায়। নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চিরে দিন। সঙ্গে দিন ধনেপাতা কুচি এবং দু-এক ফোঁটা তেল। গরম গরম ভাতের সাথে সঙ্গে পরিবেশন করুন হাতে মাখা মাছের ডিম সাথে ঝিরিঝিরি বেগুন।
মায়ের হাতের স্বাদের তুলনা নেই। মায়ের রান্নার হরেক রকম নিয়েই আমাদের এই নতুন বিভাগ। থাকবে অনাড়ম্বর, ঘরোয়া রান্নার স্বাদ, যা বানিয়ে ফেলা যাবে সহজেই। এমন অনেক রান্না আছে যা বর্তমান ব্যস্ততার যুগে হারিয়ে যেতে বসেছে। আজকের রেসিপিতে রয়েছে বাঙালির বড় সাধের মাছের ডিম। আর তাতেই একটু অন্যরকমের ছোঁয়া দিলেন সুতপা বড়ুয়া (ফোনঃ ৯৬৭৪৭৭৫২৬৮)।