
শেষ আপডেট: 23 March 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো: মেডিক্যাল ডকুমেন্টারি সিরিজ এই প্রথম। ভারতে প্রথম অসুখবিসুখ ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অনেক জরুরি তথ্য তুলে ধরতে ডকু সিরিজ আনছে নারায়ণা হেলথ। জীবন বাঁচাতে ডাক্তাররা কী কী করেন, কীভাবে জটিল ও ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে রোগীর প্রাণ বাঁচানো হয়, সেসব খুঁটিনাটি দেখানো হবে ওই সিরিজে। নানা অসুখবিসুখ ও তার প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে মতামত দেবেন ডাক্তারবাবুরা। জরুরি অবস্থা তৈরি হলে কী করা উচিত, কীভাবে আপনজনের প্রাণ বাঁচানো যাবে সেসব নিয়েও জরুরি তথ্য থাকবে সেই সিরিজে।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক দুটি ঘটনা তুলে ধরা হবে সিরিজে। গত বছর অক্টোবরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ৪১ বছর বয়সি মেনকা চট্টোপাধ্যায়কে কীভাবে বাঁচানো হয়েছিল সেটা দেখানো হবে সিরিজে। জরুরি অবস্থায় মেনকাদেবীকে হাওড়ার নারায়ণার হাসপাতালে রেফার করা হয়েছিল। ডা. রম্যজিৎ লাহিড়ীর নেতৃত্বে মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করেন। নিউরো আইসিইউতে রাখা হয়েছিল মেনকাদেবীকে। ডা. অরিন্দম ঘোষ ও ডা. নিলয় বিশ্বাসও ছিলেন টিমে। হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচ ডি ইউ) এবং ওয়ার্ডে ১২ দিন থাকার পর ছেড়ে দেওয়া হয় রোগীকে। সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যান মেনকাদেবী।
আরও একটি ঘটনায় ২৩ বছর হয়সি স্বয়ম বন্দ্যোপাধ্যায়কে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনেন নারায়ণা হেলথের ডাক্তারবাবুরা। সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন স্বয়ম। তাঁকে কলকাতার নারায়ণা হেলথের আরএন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বয়মকে প্রাথমিকভাবে একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছিল। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর কনসালট্যান্ট নিউরোসার্জন ডা. পঙ্কজ শিবহারের নেতৃত্বে মেডিক্যাল টিম তৈরি করে চিকিৎসা হয় তাঁর। স্বয়মের মাথা ব্যাপক ভাবে আহত ছিল, যার ফলে বিফ্রন্টাল ক্রানিয়েক্টমি ডিফেক্ট হয়েছিল তাঁর। গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) আশঙ্কাজনকভাবে কম ছিল, যা গুরুতর ট্রমার কারণ হতে পারত। কনসালট্যান্ট অপথ্যালমোলজি ডা. সুদীপ্ত ঘোষের সহযোগিতায় মেডিক্যাল টিম স্বয়মের অপারেশন করে এবং তাঁর জীবন ফিরিয়ে দেয়।
নারায়ণার ডকু সিরিজ ইনসাইডারে এইসব নানা ঘটনা দেখানো হবে। ২৭ মার্চ থেকে জিও সিনেমা, জিও টিভি, এবং জিও টিভি প্লাস-এ দেখানো হবে ইনসাইডার। জরুরি অবস্থায় কীভাবে চিকিৎসা হয়, ডাক্তারবাবুরা কীভাবে জীবন বাঁচান তার সবকিছুই দেখানো হবে ওই সিরিজে।