
শেষ আপডেট: 14 July 2020 18:30
বেসাল সেল কারসিনোমা (Basal cell carcinoma) সাধারণত প্রাণঘাতী হয় না। বিশেষজ্ঞরা বলেন, সূর্যের অতিবেগুনী রশ্মির কারণে এই ধরনের চর্মরোগ হতে পারে। দেখতে ছোট গোলাপি, লালচে, খয়েরি বা কালো রঙের তিলের মতো হয়। ধীরে ধীরে এই তিলই বেড়ে গিয়ে মাংসল খণ্ডে পরিণত হয়। জ্বালাপোড়ার মতো ক্ষত তৈরি হয়। অনেকের ক্ষেত্রে আবার ত্বকের ওই অংশ ফুলে গিয়ে চামড়া ফেটে যায়। পুঁজ-রক্তও বের হতে দেখা যায়। যে কোনও রকম ত্বকেই বেসাল সেল কারসিনোমা হতে পারে।
স্কোয়ামোস সেল কারসিনোমা (Squamous cell carcinoma)হাত, পা, মুখ, হাতের কনুই, পায়ের পাতা, ঠোঁট, গলা ও পিঠে হতে পারে। লালচে-খয়েরি দাগ দেখা যায় ত্বকে। খসখসে হয়ে যায় চামড়া। অনেক সময় র্যাশ, চুলকানি দেখা দেয়। আঁশের মতো শুষ্ক হয়ে যায়। সোরিয়াসিসের মতো ক্ষত তৈরি হয়। মোজ় সার্জারি, লেজার সার্জারি, ইলেকট্রোডেসিকেশন পদ্ধতিতে এই ধরনের স্কিন ক্যানসারের চিকিতসা করা হয়।
মেলানোমা (Melanoma)
বিশেষজ্ঞরা বলছেন, আগে ধারণা ছিল আমেরিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বাসিন্দাদের টাইপ ওয়ান ত্বক। খুব ফর্সা। ওই চামড়ায় মেলানিন কম থাকে। ফলে সরাসরি অতি বেগুনি রশ্মি শরীরে প্রবেশ করে। ম্যালিগন্যান্ট মেলানোমার ঝুঁকি বেশি। অন্যদিকে, ভারতীয়দের ত্বক হল টাইপ ফোর ফাইভ। এতে মেলানিনের সুরক্ষা থাকে। তাই মেলানোমা জাতীয় ত্বকের ক্যানসারের ঝুঁকি কম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনও ত্বকেই এই ক্যানসারের ঝুঁকি থাকে। সাধারণত পায়ের নীচের অংশে মেলানোমা বেশি দেখা যায়। গোড়ালি, পায়ের পাতা, পায়ের আঙুল, যৌনাঙ্গেও এই ধরনের ক্যানসার দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখন যে ধরনের হেয়ারডাই ব্যবহার করা হয় বা প্রসাধনী, তাতে এমন রাসায়নিক থাকে যা ত্বকের ক্যানসারের জন্য দায়ী।
মোজ় সার্জারি (Mohs Surgery)
ত্বকের ক্যানসার নিরাময়ের অনেক পদ্ধতি আছে। যার মধ্যে একটি মোজ় সার্জারি। অস্ত্রোপচারের এই পদ্ধতিতে ক্যানসার আক্রান্ত কোষগুলিকে তুলে ফেলা হয়। একে মোজ় মাইক্রোগ্রাফিক সার্জারিও বলা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বেসাল সেল বা স্কোয়ামোস সেল কারসিনোমার ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ করেন চিকিৎসকরা। ত্বকের যে অংশে ক্যানসার হয়েছে সেখানকার কোষগুলিকে তুলে ফেলা হয়। এমন একটা মার্জিন করে দেন ডাক্তাররা যাতে আশপাশের কোষে আর ক্যানসার ছড়িয়ে পড়তে না পারে। এই প্রক্রিয়া খুব দ্রুত করা যায় এবং এই সার্জারির কারণে খুব জটিল কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায় না। ত্বকের যে কোনও ধরনের ক্যানসারের থেরাপিতেই মোজ় সার্জারি ব্যবহার করে ডাক্তাররা।