
শেষ আপডেট: 15 December 2020 07:29
দিন দিন বাড়ছে দূষণ। বাড়ছে ফুসফুসের সমস্যাও। ধুমপায়ীদের যেমন একদিকে সতর্ক থাকতে বলছেন, তেমনই খাওয়া-দাওয়ার উপর বিশেষ নজর দিতে বলছেন ডাক্তাররা। শরীরের প্রতিটা কোষেই অক্সিজেন সরবরাহ করাটা প্রয়োজন। ফুসফুসের স্বাস্থ্য ঠিক থাকলেই শরীর সুস্থ থাকবে। আজকালকার দিনে বাতাসে মিশে থাকে অতিরিক্ত ধুলো, গাড়ির ধোঁয়া। দূষণের মাত্রা বাড়ায় ফুসফুসের বারোটা তো বাজছেই। শুধু যে বয়স্কদের সমস্যা দেখা দিচ্ছে তাই নয়, কমবয়সীরাও ফুসফুসের সমস্যায় ভুগছেন। বাড়িতেই সহজে কয়েকটি পানীয় বানিয়ে ফেলতে পারেন। যা নিয়মিত খেলে ফুসফুসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
১. লেবু, আদা, পেপারমিন্ট টি -
শরীরের টক্সিন বের করতে সকালবেলাতেই খেতে পারেন এই চা। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা ফুসফুসের স্বাস্থ্যও ভাল রাখে। লেবুতে রয়েছে ভিটামিন সি। আদা, পেপারমিন্ট থাকায় ক্লান্তিভাব কেটে যাবে। সারাদিন কাজ করার জন্য এনার্জিও পাবেন।
২. মধু মেশানো গরম জল -
অনেকেই এই পানীয়ের কথা জানেন। নিয়মিত খেলে ফ্রি রেডিকেলের যে ক্ষতিকর প্রভাব পড়ে, সেটা কেটে যায়। এমনকি শরীরের টক্সিনও বের করে দেয়। সকালবেলায় খালি পেটে উষ্ণ জলে এক চা চামচ মধু মিশিয়ে তাই খেতে বলেন বিশেষজ্ঞরা।
৩. হলুদ, আদা মেশানো জল -
ধুমপায়ীদের জন্য ভীষণ উপকারী হলুদ, আদা মেশানো জল। এমনকি ক্যানসারের সম্ভাবনাও কমিয়ে ফেলতে পারে এটি। শরীরের খারাপ টক্সিন বের করে দেয় অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পানীয়।
৪. গ্রিন টি -
গ্রিন-টির উপকারিতা সম্পর্কে সকলেই জানেন। শুধু ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখে না, শরীরের যেকোনও অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্য ঠিক রাখতে গ্রিন-টির জুরি মেলা ভার। করোনা আবহে ইমিউনিটি ব্যুস্ট করতেও গ্রিন-টার দারস্থ হতে বলেছেন ডাক্তাররা।
৫. মুলেথি রুট চা -
অনেকেই হয়তো জানেন না এই চায়ের বিষয়ে। কিন্তু বাজারে একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন মুলেথি রুট টি। বিশেষ করে শীতকালে খেতে বলেন ডাক্তাররা। সর্দিকাশি, জ্বরের সময় খেলে উপকার পাবেন। নিয়মিত খেলে হার্টের অসুখও সেরে যাবে।