দ্য ওয়াল ব্যুরো: একটা সময় পর্যন্ত গোটা বিশ্বের স্বাস্থ্যক্ষেত্রের বড় ও অন্যতম সমস্যা ছিল সংক্রামক অসুখ। মহামারী হিসেবে বারবারই পৃথিবীর বুকে আছড়ে পড়েছে নানা অসুখ। প্লেগ, বসন্ত, যক্ষ্মা-- এসব সংক্রমণে প্রাণ গিয়েছে লক্ষ লক্ষ মানুষের। কিন্তু সময় যত এগিয়েছে, সভ্যতা যত আধুনিক হয়েছে, অসুখের সেই প্যাটার্ন তত বদলেছে। সংক্রমণের সঙ্গে সম্পর্কহীন নানা অসুখের থাবা ভয়ংকর ভাবে দেখা দিয়েছে মানুষের জীবনে। ওবেসিটি, ডায়াবেটিস, রক্তচাপ—এসব নানা কারণে ঘরে ঘরে বেড়ে ওঠা হৃদরোগই যেন মহামারীর আকার নিয়েছে সারা বিশ্বে।
এই হার্টের নানা সমস্যা নিয়েই এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হতে চলেছে। কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে আয়োজিত এই গ্লোবাল কনফারেন্সের নাম এইকন। এআইআইসিওএন অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া ইন্টারভেনশনাল কার্ডিওলজি কনক্লেভ। আগামী কাল, ১২ জুন বেলা তিনটে থেকে শুরু হবে দু'দিনের এই কনক্লেভ।
কনক্লেভের সায়েন্টিফিক চেয়ারম্যান ডক্টর দিলীপ কুমার এবং অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর সুনন্দন শিকদার জানাচ্ছেন, হার্টের যত ধরনের সমস্যা হয় সারা বিশ্বে, তার প্রতিটা নিয়ে নিজেদের মতামত দেবেন সারা বিশ্বের বিশেষজ্ঞরা। কার্ডিওলজির নানা দিক, হার্টের আধুনিক যন্ত্র, অ্যারিদমিয়া, মায়োকার্ডিয়া, অ্যাঞ্জিওপ্লাস্টি, হার্ট ফেলিওর, ভালভ রিপেয়ারিংয়ের মতো সমস্ত রকম বিষয় ধরে খুঁটিনাটি আলোচিত হবে। কোভিডের সময়ে হার্টের অসুখ ও তার যত্ন নিয়েও রাখা হয়েছে আলাদা এক্সপার্ট প্যানেল।
শনি-রবি দুদিনের এই কনক্লেভে অংশ নিচ্ছেন ৫০ জন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক এবং আন্তর্জাতিক ক্ষেত্রের ১৫ জন চিকিৎসক। বেলা ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত চলবে কনক্লেভ। প্রতিটি আলোচনায় থাকবেন একজন করে মডারেটর, চেয়ারপার্সন এবং এক্সপার্ট প্যানেল।
গোটা বিষয়টিই হবে ভার্চুয়ালি। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিশেষজ্ঞ অনলাইেই রাখবেন তাঁর মতামত। রেজিস্ট্রেশনের জন্য রয়েছে ওয়েবসাইট, eiicon2021.org