
শেষ আপডেট: 4 December 2020 10:01
শীতের সবজি হিসেবে গাজর বেশ জনপ্রিয়। গাজর দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু। গাজরের রয়েছে নানা পুষ্টিগুণ। গাজর খেলে কী কী উপকার পাওয়া যাবে তাও জেনে নিন।
১. গাজরে রয়েছে ভিটামিন-এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে থাকে।
২. ত্বক সুন্দর রাখতে আমরা কত কিছু ব্যবহার করি। কিন্তু প্রতিদিন যদি একটি করে গাজর খাই, তাহলে এর মাধ্যমে পাওয়া এন্টি অক্সিডেন্ট ত্বককে সুন্দর টানটান ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।
৩. গাজরে রয়েছে ক্যারোটিনয়েড, যা হৃৎপিন্ডকে সুস্থ ও স্বাভাবিক রাখে সেই সাথে হৃৎপিন্ডের বিভিন্ন সমস্যা দূর করে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
৪. প্রতিদিন গাজর খেলে ক্যানসার হওয়ার ঝুঁকি কমে যায়। কারণ এতে রয়েছে ফ্যালক্যারিনল ও ফ্যালক্যারিনডায়ল নামক রাসায়নিক পদার্থ, যা অ্যান্টিক্যান্সার উপাদানগুলোকে শক্তিশালী করে তোলে।
৫. গাজরে রয়েছে কিছু পরিমাণ আয়রন ও ক্যালসিয়াম নামক মিনারেলস, যা দাঁতকে মজবুত রাখে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি ও লাইকোপেন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
এবার দেখে নেওয়া যাক, কী ভাবে বানাবেন চিনি ছাড়া গাজরের হালুয়া।
উপকরণ
গাজর ১ কেজি
ঘি পরিমাণ মতো
গরুর তরল দুধ ১ কেজি
নারকেল কোরা ১ কাপ
চিনির পরিবর্তে খেজুরের গুড়
বা খেজুরের পেস্ট
তেজপাতা ২-৩টে
এলাচ ৩-৪টে
দারচিনি ২-৩টে
পেস্তা বাদাম, কাজু বাদাম, চিনা বাদাম বাটা পরিমাণ মতো
পদ্ধতি
প্রথমে গাজর ভাল ভাবে ধুয়ে নিতে হবে। তারপর ধোয়া গাজরগুলো ভাল করে সিদ্ধ করে ব্লেন্ড করে নেওয়া দরকার। এরপর নন স্টিক প্যানে সামান্য ঘি দিয়ে ব্লেন্ড করা গাজরগুলো মসলা দিয়ে ৭-৮ মিনিট ভাজতে হবে। তারপর এতে দুধ ও গুড় দিয়ে ১৫-২০ মিনিটের মতো নাড়তে হবে।
দুধ শুকিয়ে গাজর নরম হয়ে এলে নারিকেল কোরা, বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ হালকা আঁচে রান্না করতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। সাজানোর জন্য এখানে আপনারা বাদাম, নারকেল নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন।