
শেষ আপডেট: 4 January 2021 09:47
২০২১ সালে এই প্রথম নিজের ছবি পোস্ট করলেন নায়িকা। ছবির কমেন্ট সেকশনে দীপিকা লিখেছেন, "মাঝে মধ্যেই আমি প্রিয়জনেদের থেকে কমপ্লিমেন্ট পাই। এতবছর পরেও, প্রফেশনালি এই পর্যায়ে আসার পরেও, আমি ব্যক্তিগত জীবনে একটুও বদলাইনি। আমার বন্ধুবান্ধব, পরিবারের সকলেই এটা বলেন।"
তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে দীপিকা এও লিখেছেন, "তাঁরা নিজেরাও জানেন না, আমার জীবনে তাঁদের ভূমিকা কতটা। আমার জীবনে এত কাজের মধ্যেও তাঁদের সঙ্গে সময় কাটানোটা ভীষণ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। এই অভ্যাসই আমাকে মাটিতে পা রেখে চলতে সাহায্য করে। এটাই আমাকে মনে করিয়ে দেয়, আমি কোথা থেকে এসেছি। তাই আপনারাও এমন ব্রেক নিন কখনও কখনও।"
বর্ষবরণের উৎসবে যখন সকলেই মেতে ছিলেন, তখন হঠাৎই উধাও হয়ে যায় দীপিকার সোশ্যাল মিডিয়ার সমস্ত পোস্ট। হ্যাক করা হয়েছে, না ইচ্ছাকৃত- এই নিয়ে চলছিল তুমুল জল্পনা। তার কিছুক্ষণের মধ্যেই প্রথম অডিও বই 'অডিও ডায়েরি' নামে পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। এবারে কীভাবে মন ভাল রাখা যায় তারই হদিশ দিয়ে নতুন পোস্ট করলেন দীপিকা।
বর্ষশেষের উৎসব উদযাপন করতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে পাড়ি দিয়েছিলেন রণথম্বোরে। সেখানেই রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুরও। বন্ধুবান্ধব, কাছের মানুষদের সঙ্গে আপাতত ছুটি কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। প্রকৃতির কোলে সকলে মিলে কতটা চুটিয়ে মজা করছেন, তার কয়েকটি ঝলক দেখা গেছে রণবীর সিং, আলিয়া ভাট, নীতু কাপুরের পোস্টেও। ছুটি কাটিয়েই আবার শ্যুটিংফ্লোরে ফিরবেন দীপিকা। শকুন বাত্রার পরবর্তী সিনেমার কাজ শুরু করবেন তিনি।