
শেষ আপডেট: 25 December 2020 09:14
নতুন বছরে নতুন সাজে নিজের ছোট্ট বাসাটিকে সাজিয়ে তুলবেন কীভাবে তাই নিয়ে মাথা ব্যথার একদম দরকার নেই! হাত বাড়ালেই আছে সমস্যার সমাধান। রইল তেমনই কিছু টিপস, যা দিয়ে সুন্দর করে আপনি সাজিয়ে ফেলতে পারবেন নিজের শোয়ার ঘরকেও।
ইকো ফ্রেন্ডলি বিছানা
শোয়ার ঘরের গুরুত্ব সবসময় বেশি, দিনে-রাতের আরামের সময়টুকু আপনাকে এখানেই কাটাতে হয়। ভাল বিছানা না হলে, পর্যাপ্ত ঘুমও ভালভাবে হয় না। তাই বিছানা, কম্বল ও বালিশের ক্ষেত্রে অরগ্যানিক তুলোই ব্যবহার করুন। এটা একদিকে যেমন পরিবেশ বান্ধব, তেমনই অন্যদিকে আপনাকে এনে দেবে সেই কাঙ্ক্ষিত আরামদায়ক ঘুম। তাই আপনি যদি কাউকে বছরশুরুতে নিউ ইয়ার গিফ্ট দিতে চান তাহলে অরগ্যানিক বালিশ-কম্বলের সেট উপহার দিতেই পারেন।
হ্যান্ডমেড জিনিস দিয়ে ঘর সাজানো
হাতে বানানো প্রাকৃতিক জিনিস দিয়ে ঘর সাজান ও সাজানোর জন্য উপহার দিন। যত কম প্লাস্টিক ব্যবহার করা যায়, বা যদি একেবারেই প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকা যায় ততই ভাল পরিবেশের জন্য। যেই সঙ্গে প্লাস্টিক শরীরস্বাস্থ্যেরও ক্ষতি করে, তাই শোয়ার ঘরে প্লাস্টিকের তৈরি জিনিস না রেখে হ্যান্ডমেড জুটের জিনিসই রাখুন। এতে পরিবেশের সঙ্গে সঙ্গে আপনি নিজেও ভাল থাকবেন।
দরজা
রেইন-ডিয়ার ও ঘণ্টা নিজের হাতেই বানিয়ে নিতে পারেন টিস্যু দিয়ে, যেটা দরজার হাতলে ঝোলানোর কাজে আরামসে ব্যবহার করা যেতে পারে।
কাগজের ব্যবহার কমানো
যদি শোয়ার ঘরের পাশে ফুল, ছোট গাছ বানাতে চান তাহলে এই টিপসটা কাজে লাগাতে পারেন আপনার। এতে একদিকে কাগজের ব্যবহারও কম হবে, অন্যদিকে মনের ইচ্ছে পূরণও হবে। ছোট্র করে স্ক্র্যাপ ফিতে দিয়ে বানিয়ে ফেলতে পারেন রঙিন ফুল গাছ, আর সেটা যাতে ভাল থাকে তার জন্য পাট দিয়ে টবও বানিয়ে নিতে পারেন।
রিসাইকেল
বাড়িতে থাকা পুরনো জিনিস দিয়ে বানিয়ে ফেলুন ঘরসাজানোর সামগ্রী। পুরোনো সিডি, খেলনা দিয়েই সেরে ফেলতে পারেন নিউ ইয়ারের অভিনব ডেকোরেশন।
আলোকসজ্জা
সাধারণ লাইট, টুনি ব্যবহার করার থেকে আপনি বেছে নিতে পারেন এলইডি আলো। এলইডি অনেকবেশি পরিবেশ-বান্ধব ও আপনার টাকারও সাশ্রয় করে। কারণ অন্যান্য উজ্জ্বল বাল্বের তুলনায় ৭৫ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহৃত হয় এলইডি আলোর ক্ষেত্রে।