শেষ আপডেট: 17 November 2020 06:48
খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলা যায় পুষ্টিকর এই খাবার। শুধু বড়রা নয়, খিচুড়ি ছোটদেরও বেশ মনের মতো। বাচ্চারা বেশিরভাগ সময় খাওয়া নিয়ে ঘ্যানঘ্যান করে, ঠিক মতো খেতে চায় না। তাদের জন্যও অত্যন্ত পুষ্টিকর অথচ মুখরোচক খাবার এই খিচুড়ি।
অনেকেই হয়তো ভাবেন, খিচুড়ি বানানো খুব ঝক্কির কাজ। কিন্তু মোটেও তা নয়। খিচুড়ির নাম শুনে নাক সিঁটকানোর কোনও কারণই নেই। একাধিক রেসিপিতে বানানো যেতে পারে এই খিচুড়ি। বিভিন্নরকম ডাল যেমন মটর, মুগ, মুসুর আর নানারকম মরশুমি সবজি দিয়ে বানানো যেতেই পারে খিচুড়ি।
খিচুড়ি যে শুধু স্বাদেই মাত দিতে পারে এমনটা নয়, এর পুষ্টিগুণও প্রচুর। ডায়াবেটিস যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, তাকেও অনেকটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে খিচুড়ি। শীতকালে বিভিন্ন সবজি দিয়ে মুগ ডালের খিচুড়ির কোনও জবাব নেই! ডালের মধ্যে রয়েছে ভেসজ প্রোটিন যা রক্তে চিনির মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। জাসলোক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ডাক্তার জ্যোতি ভাট বলেন যে, "খিচুড়ি এমন একটা খাবার যাতে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার বেশি থাকে। যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে।"