বাচ্চাদের স্কুলে কী টিফিন দেবেন তাই নিয়ে বড্ডো সমস্যায় পড়েন মায়েরা। বিশেষত, মা যদি হন কর্মরতা, তাহলে তো কথাই নেই। সকালবেলায় হাতে সময় কম। অথচ খেয়াল রাখতে হবে সন্তানের পুষ্টির দিকে। সেইসঙ্গে অবশ্যই খেয়াল রাখতে হবে স্বাদের দিকেও। সুস্বাদু খাবার না হলে কিন্তু মোটেও মুখে তুলবে না বাচ্চারা। তাই চটজলদি বানিয়ে ফেলুন ক্রিমি চিকেন অ্যান্ড মাশরুম পাস্তা।
উপকরণ :
বোনলেস চিকেন ( ছোট ছোট টুকরো করে কাটা)
মাশরুম ( ছোট ছোট টুকরো করে কাটা)
ফ্রেশ ক্রিম
গোলমরিচ গুঁড়ো
নুন
সাদা তেল
গাজর, বিনস, পেঁয়াজ এবং ক্যাপসিকাম (কুচি করে কাটা)
চিজ
প্রণালী :
প্রথমে একটা প্যান বা বাটিতে জল গরম করে পাস্তা সেদ্ধ করে নিন। তারপর জল ঝরিয়ে একটা প্লেটে পাস্তা ছড়িয়ে রাখুন। যাতে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে না যায়। এরপর চিকেনের টুকরো গুলো অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে চিকেনের টুকরো গুলো হালকা আঁচে ভেজে তুলে নিন। তারপর টুকরো করে কাটা সবজি এবং মাশরুম হালকা আঁচে ভেজে নিন। সঙ্গে মেশান স্বাদ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো। এ বার ভাজা সবজির মধ্যে পাস্তা এবং চিকেনের টুকরো মিশিয়ে হালকা করে ভেজে নিন।
এরপর একটা বাটিতে চিকেনের টুকরো, পাস্তা এবং সবজির মিশ্রণটি ঢালুন। তার সঙ্গে মেশান ফ্রেশ ক্রিম। উপর থেকে ছড়িয়ে দিন চিজ। চাইলে মাখন বা মেয়োনিজও দিতে পারেন। ব্যাস তৈরী আপনার ক্রিমি চিকেন অ্যান্ড মাশরুম পাস্তা। সাজানোর জন্য ছড়িয়ে দিন ধনেপাতা। সঙ্গে রাখুন শসা এবং টমেটোর স্যালাড। ট্যাঙ্গি ফ্লেভার দিতে চাইলে কেচাপ এবং কাসুন্দিও রাখতে পারেন।
ব্যস তৈরি ক্রিমি চিকেন অ্যান্ড মাশরুম পাস্তা। বাচ্চারা তো খুশিই, কাঁটা-চামচ চাটবেন আপনিও।