
শেষ আপডেট: 6 March 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো: ম্যালেরিয়া (Malaria) যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গোটা বিশ্বেই দাপিয়ে বেড়াচ্ছে ম্যালেরিয়ার (Malaria) জীবাণু প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম। ভ্যাকসিন নিয়েও ম্যালেরিয়াকে কাবু করা যাচ্ছে না। তাই এবার নানারকম ওষুধ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ক্যানসারের একরকম ওষুধ (Cancer Drug) নাকি ম্যালেরিয়া সারাতে পারবে, এমনটাই দাবি কেপটাউন ইউনিভার্সিটির (UCT) বিজ্ঞানীদের।
কেপটাউন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের টিমে রয়েছেন অভিজ্ঞ প্যারাসাইটোলজিস্ট ডা. দেবোপম চক্রবর্তী ও মলিকিউলার বায়োলজিস্ট ডা. রত্না চক্রবর্তী। ক্যানসার থেরাপি নিয়ে গবেষণার নেতৃত্ব দিচ্ছেন তাঁরা। ডা. দেবোপম জানিয়েছেন, এই গবেষণায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরাও রয়েছে। ক্যানসারের একটি ওরাল পিলের ক্লিনিকাল ট্রায়াল করতে গিয়ে দেখা গেছে, ওষুধটিতে ম্যালেরিয়ার সংক্রমণ সারানোর গুণও রয়েছে। ‘এসিএস ইনফেকশিয়াস ডিজিজ’ মেডিক্যাল জার্নালে এই গবেষণার খবর ছাপা হয়েছে।
সাপানিসারটিব (Sapanisertib) নামে একধরনের ওষুধ নিয়ে ট্রায়াল করছেন ডা, দেবোপম ও ডা. রত্না। এই ওষুধ ক্যানসারের থেরাপিতে কাজে লাগে। মূলত স্তন ক্যানসার, এন্ডোমেট্রিয়াল ক্যানসার, রেনাল সেল কার্সিনোমা, থাইরয়েড ক্যানসারের থেরাপিতে ওরাল ইনহিবিটর হিসেবে কাজ করে এই ওষুধ। বিজ্ঞানীদের দাবি, এই ওষুধের এমন ক্ষমতা আছে যা ম্যালেরিয়ার সংক্রমণ ঠেকাতে পারে। মশাবাহিত জীবাণুর শরীরে ঢুকে বংশবিস্তার করার প্রক্রিয়াকে নাকি রুখে দিতে পারে এই ওষুধ।
স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে তার লালার সঙ্গেই আমাদের শরীরে ঢোকে ম্যালেরিয়ার জীবাণু। ম্যালেরিয়ার বাহক পরজীবী চার রকম— প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাসমোডিয়াম ওভিলি এবং প্লাসমোডিয়াম ম্যালেরি। তাদের মধ্যে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরামের আক্রমণেই হয় প্রাণঘাতী ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া।
ম্যালেরিয়ার জীবাণুরা শরীরে ঢুকলে রক্তস্রোতে ভেসে সোজা গিয়ে পৌঁছয় লিভারে। সেখানে বংশবৃদ্ধি করে মেরোজয়েট দশায় এই পরজীবীরা পৌঁছয় লোহিত রক্তকণিকার (RCB) দরজায়। সেখানে তাদের আরও একটি জীবন চক্র শুরু হয়। দ্রুত বংশবৃদ্ধিও হয়। ফলে অতিরিক্ত চাপে লোহিত রক্তকণিকার দেওয়াল ফেটে যায়। পরজীবীরা তখন ফের উদ্বাস্তু হয়ে রক্তে ছড়িয়ে পড়ে এবং দূষিত কণা মিশিয়ে দেয় রক্তে। ম্যালেরিয়ার জীবাণু যে অ্যান্টিজেন বা প্রোটিন রক্তে মিশিয়ে দেয় তার নাম প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম সারকামস্পোরোজয়েট প্রোটিন (Plasmodium falciparum circumsporozoite protein/CSP)।
বিজ্ঞানীদের দাবি, এই প্রোটিনের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে ক্যানসারের এই ওষুধ। তাছাড়া ম্যালেরিয়ার জীবাণুর মধ্যে থাকা কাইনেজ প্রোটিনও নষ্ট করতে পারে সাপানিসারটিব, ফলে জীবাণু আর বংশবৃদ্ধি করে ছড়িয়ে পড়তে পারে না।
ক্যানসারের ওষুধ নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্বেই আছে। ট্রায়াল চলছে নানাভাবে। সবকটা ট্রায়ালে সাফল্য পেলে তবেই এই খোঁজ ম্যালেরিয়া রুখতে বড় ভূমিকা নেবে বলে আশা বিজ্ঞানীদের।