দ্য ওয়াল ব্যুরো: বলি-সেলেবদের সুন্দর স্বাস্থ্য, চেহারার রহস্য এখন অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। তাঁদের ফিটনেস রেজিম থেকে শুরু করে ডায়েট-- সবই হাতের মুঠোয়। তবু যেন ধরাছোঁয়া যায় না। মনে হয়, ৪০-৪৫ বছরের নায়িকারা কমবয়সিদের সঙ্গে টক্কর দিচ্ছেন কীভাবে! এতটা তারুণ্যের রহস্য কী!
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় ইদানীং অনেকেই যোগ-ব্যায়ামের চর্চায় মেতেছেন। হাই ইনটেনসিটির জিমন্যাস্টিক বা কড়া ডায়েটের থেকে সনাতন ভারতীয় এই শারীরচর্চা অনেক ভাল রাখছে তাঁদের। যোগব্যায়ানের মাধ্যমে শুধু শরীর নয়, মনও সুস্থ থাকে। নিয়মিত চর্চায় চেহারা ও মন দুইই সুন্দর হয়, এ কথা অনেকেই স্বীকার করেন।
অনেকেই ভাবেন যোগ-ব্যায়াম মানে হয়তো শরীরকে ঘুরিয়ে-পেঁচিয়ে করা কিছু আসন। আসলে তা নয়। প্রতিটা আসনের মধ্যেই মন ভাল রাখার পদ্ধতিও লুকিয়ে আছে।

সম্প্রতি মালাইকা অরোরার ইন্সটাগ্রামে পোস্ট করা ছবি বলছে, তিনি জিমে যেতে পারছেন না বলে ঘরে বসেই নিয়মিত যোগা-ব্যায়াম করছেন। ছবিগুলোর সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখছেন #MalaikasMoveOfTheWeek। এই সপ্তাহে তাঁকে দেখা যায় যোগব্যায়ামের 'নৌকাসন' পোজে। অর্থাৎ শরীরটাকে ঝুঁকিয়ে ভি শেপে এনে নৌকার মত করে রাখা। কালো রঙের একটা ব্যান্ড পায়ের পাতার পিছন থেকে টেনে ধরে পুরো শরীরে ব্যালেন্স করেছেন। তিনি জানান এর মাধ্যমে পেটে জমে থাকা মেদ কমে যায়। ঝুঁকে থাকা পিঠও সোজা রাখতে সাহায্য করে।
কয়েকদিন আগেই তিনি কোভিড আক্রান্ত হন। সুস্থ হওয়ার পরে তাঁর ফ্যান ফলোয়ারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন। সেখানে তাঁকে যোগাভ্যাস করার পোজেই দেখা যায়। কালো স্পোর্টস ব্রা, সঙ্গে মেটালিক রঙের প্যান্ট। ধ্যান করছেন এমন অবস্থায় তাকে শান্ত, সমাহিত দেখায়।

অন্যদিকে শিল্পা শেঠিকে দেখা যায় সপ্তাহের শুরুটাই করেছেন মানালির কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মাঝে। তিনি শুরু করেন 'পদহস্তাসন', 'পর্বতাসন', আর 'মার্জারিয়াসন' দিয়ে। এর পরেই তিনি গাছের মত পোজে, দু'হাত উপরে তুলে দাঁড়ান। জঙ্গলের মধ্যে সবুজের মাঝে তাকে গোলাপি ফ্লোরাল প্রিন্টের স্পোর্টস ব্রা ও প্যান্টে দেখা যায়। তিনি জানান এই ব্যায়াম নিয়মিত করলে পিঠ সোজা থাকে, শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, হজম শক্তিও বাড়ায়।
