
শেষ আপডেট: 12 December 2023 12:23
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন, আপনিও কি তা করেন?
অভিষেক চোখের চিকিৎসা করাতে বিদেশ গিয়েছিলেন এটা তো সবারই জানা। কিন্তু দিনকয়েক আগে ফের বড়সড় সমস্যা হয়। অভিষেক লেন্স পরেন। ডাক্তাররা তাঁকে বলেছিলেন টানা ৬ ঘণ্টার বেশি লেন্স না পরতে। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি সমাবেশে গিয়ে লেন্স খুলতে ভুলে যান। টানা ১৬ ঘণ্টা লেন্স পরে থাকার পর সেটি খুলতে গিয়ে দেখেন চোখের মণির সঙ্গে একেবারে সেঁটে গেছে। টানাটানি করে না খোলায় মাঝরাতেই হাসপাতালে যান। সেখানে লেন্স খুলতে গিয়ে ডান চোখের কোনও শিরা ছিড়ে রক্ত বেরোতে থাকে। চোখে রক্ত জমাট বেঁধে লাল হয়ে ফুলে যায়। সে জন্য চিকিৎসা করাতে তিনি হায়দরাবাদেও গিয়েছিলেন।
এখন প্রশ্ন হল, চোখের যে সমস্যায় ভুগছেন অভিষেক তা কিন্তু আমার আপনারও হতে পারে। এখনকার সময় যতই স্টাইলিশ চশমা বেরোক না কেন, বেশিরভাগই লেন্স পরে ঝামেলা মেটাতে চান। চশমার ঝক্কি থাকে না। কিন্তু এই লেন্স পরার কিছু নিয়ম আছে, সেটা অনেকেই জানেন না। ঠিক কতক্ষণ লেন্স পরে থাকা উচিত, লেন্সের যত্ন কীভাবে নিতে হবে, যাঁরা লেন্স পরছেন তাঁদের চোখের যত্ন কীভাবে নিতে হবে সে বিষয়ে জানা নেই বেশিরভাগেরই। ফলে অজ্ঞতা ও অসাবধানতা বিপদ ডেকে আনে তাড়াতাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের চোখের একবার এমন অবস্থা হয়েছিল যে বাড়িতেও তাঁকে সারাক্ষণ চোখে সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ভাইফোঁটার দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁকে সানগ্লাস পরে ঘুরতে দেখা গিয়েছিল।
এ ব্যাপারে আরেকটাও উদাহরণ দেওয়া যেতে পারে। সেই খবরও ছড়িয়ে পড়েছিল সমস্ত দেশি ও বিদেশি সংবাদমাধ্যমে। আমেরিকার এক মহিলা চোখে কনট্যাক্ট লেন্স পরে খুলতে ভুলে যেতেন। আগের লেন্সের উপরেই নতুন লেন্স পরতেন। এভাবে চোখে লেন্সের পাহাড় জমেছিল। ডাক্তাররা গুনে গুনে ২৩টা লেন্স বের করেছিলেন তাঁর চোখ থেকে। তখন চোখের যায় যায় অবস্থা। মারাত্মক সংক্রমণ, দৃষ্টি চলে যেতে বসেছিল।
যাঁরা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে লেন্স পাল্টানো, নতুন লেন্স নেওয়া, সলিউশন চেঞ্জ করা কিংবা লেন্স থেকে সংক্রমণের আশঙ্কা— সবক’টি ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন জরুরি।
লেন্স পরলে কী কী নিয়ম মানবেন?
১) লেন্স পরার আগে ও পরে হাত ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে ভুলবেন না। তোয়ালেতে হাত মুছবেন না, বরং কোনও সুতির রুমালে হাত মুছে তবেই লেন্সে হাত দেবেন।
২) বেশিক্ষণ লেন্স পরলে চোখের জল শুকিয়ে যায়, কর্নিয়ার ক্ষতি হতে পারে। ৬-৮ ঘণ্টার বেশি একটানা লেন্স কখনওই পরবেন না। লেন্স বাছার সময় দেখে নেবেন সেই লেন্স কত সময় ধরে পরে থাকা যায়।
৩) লেন্স খোলার পরে যেখানে রাখছেন সেই বাক্সটা নিয়মিত পরিষ্কার করতে হবে। লেন্সে নোংরা লেগে থাকলে সেটা চোখে ঢুকে কর্নিয়ার সংক্রমণ ঘটাতে পারে। চোখে অ্যালার্জির কারণও হতে পারে।
৪) রাতে ঘুমানোর আগে অবশ্যই কনট্যাক্ট লেন্স খুলে রাখবেন। লেন্স পরে ঘুমিয়ে পড়লে চোখে ইনফেকশন হয়ে যেতে পারে।
৫) কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সময় প্রতি তিন মাস অন্তর লেন্সের পাত্রটি পরিবর্তন করতে হবে। কনট্যাক্ট লেন্স সব সময় স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন।
৬) লেন্স পরে সাঁতার কাটা, স্নান করা ঠিক নয়। জলে থাকা নানা জীবাণু লেন্সে জমে চোখের সংক্রমণ হতে পারে। এই সমস্যার নাম অ্যাকানথামোইবা কেরাটাইটিস হয়। এই সমস্যা বাড়লে দৃষ্টি চলে যেতে পারে।
৭) প্রতি তিন মাস অন্তর লেন্স বদলাতে হবে।
৮) রঙিন লেন্স দেখতে আকর্ষণীয় সেই বিষয় কোনও সন্দেহ নেই। কিন্তু নিয়মিত পরার জন্য রঙিন লেন্স ব্যবহার না করাই ভাল।