
শেষ আপডেট: 16 December 2023 16:21
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি মধ্যবিত্তদের মধ্যে যারা মদ খান তাঁদের অনেকেরই পছন্দের ড্রিঙ্ক হল হুইস্কি। অধিকাংশের মদ খাওয়ার শুরু কলেজ জীবন থেকে। সেই সময়ে আর্থিক সামর্থ্য সীমিত থাকে, তাই হুইস্কির ব্র্যান্ড বেছে নিতে দামটাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
পরে চাকরি বাকরি পেলেও মদের ব্র্যান্ড বেছে নেওয়ার ব্যাপারে আর্থিক সঙ্গতির ব্যাপারটাও প্রাধান্য পায়। আবার কেউ কেউ রয়েছেন, যাঁরা সৌখিন। যাঁরা পরিমাণের তুলনায় হুইস্কির স্বাদের কথা ভেবে তা কেনেন।
তবে হুইস্কি কেনার সময়ে মোটামুটি ভাবে ৭টি টিপস মাথায় রাখা যেতে পারে।
১। শুরুতেই উপরের দিকে না তাকানো ভাল। বরং শুরুটা সহজ ভাবে করা যেতে পারে। অর্থাৎ টালিস্কার (৪১৯০ টাকা) বা সানটোরির (৩৬৩০ টাকা) দিকে না তাকিয়ে জ্যাক ড্যানিয়েলের টেনেসি হানি কিংবা জেমিসন দিয়ে শুরু করা যেতে পারে। এই সব হুইস্কির একটা সুইট টোন রয়েছে। প্রথম বার যাঁরা হুইস্কি খাচ্ছেন তাঁদের ভাল লাগতে পারে।
২। হুইস্কি কেনার আগে তার বিবিধ শ্রেণি সম্পর্কে ধারণা থাকা দরকার। যেমন, স্কচ হুইস্কি স্কটল্যান্ডে তৈরি হয়। বার্লি থেকে তৈরি হয় এই হুইস্কি। এতে একটু ধোঁয়া ধোঁয়া তথা স্মোকি এবং উডি (কাঠের) গন্ধ থাকে। কারণ, এগুলো তৈরি করার পর দীর্ঘ দিন কাঠের ব্যারেলে রাখা হয়। অর্থাৎ এর স্বাদ বেশ রিচ।
আবার বারবান হুইস্কি একটু মিষ্টি ধরনের। সবাই এর টেস্ট পছন্দ করেন না। বারবান হুইস্কি তৈরি হয় কর্ন থেকে। আইরিশ হুইস্কি তৈরি হয় বার্লি ও গম থেকে। এই হুইস্কির স্বাদ বেশ হাল্কা। স্কচের একেবারে উল্টো প্রকৃতির হল আইরিশ হুইস্কি। আবার জাপানের হুইস্কির স্বাদও হাল্কা। এর স্বাদ ফ্লোরাল এবং মধুর একটা নোট পাওয়া যাবে এতে।
৩। হুইস্কি কতদিনের পুরনো সেটা অবশ্যই একটা বিবেচনা করার বিষয়। ভাল হুইস্কি যত বেশি পুরনো তত দাম বেশি। যত বেশি সময় ধরে কাস্ক বা ব্যারেলে কোনও হুইস্কি মজুত থাকে তা তত ম্যাচিওর হয়। কোনও হুইস্কি তৈরি করে উৎপাদক সেটা যত বেশি বছর ফেলে রাখবেন তার ততদিন ধরে বিনিয়োগ আটকে থাকে। তাই ব্যবসার স্বাভাবিক সূত্রেই পুরনো হুইস্কির দাম বেশি হয়। হুইস্কি বিশেষজ্ঞদের মতে, তৈরি করার বছর খানেকের মধ্যে কোনও হুইস্কি খেলে তা খেতে খারাপ হয়তো লাগবে না। কিন্তু আসল স্বাদ বোঝা যাবে ১২ বছর বা তার বেশি পুরনো হলে।
৪। তবে কোনও হুইস্কি কত বেশি পুরনো শুধু তা দেখে কেনা ঠিক হবে না। মানে কোনও হুইস্কি ১৮ বছরের পুরনো দেখেই কিনে ফেলা ঠিক হবে না। সেই হুইস্কির টেস্ট টোন আপনার পছন্দের কিনা বা ভাল লাগে কিনা সেটাও বিবেচনা করে দেখতে হবে।
৫। কেউ হুইস্কির ব্যাপারে সৌখিন হলে তাঁর উচিত বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট করে দেখা। তবেই তিনি বুঝতে পারবেন যে তাঁর স্কচ ভাল লাগছে না বারবান নাকি আইরিশ হুইস্কি। যেমন যাঁদের একটু রিচ, উডি-স্মোকি ফ্লেভারড হুইস্কি ভাল লাগে তাঁরা বোমোর সিঙ্গলমল্ট স্কচ হুইস্কি ট্রাই করে দেখতে পারেন।
৬। পছন্দের হুইস্কি বেছে নেওয়ার ক্ষেত্রে আরও একটা ব্যাপার হল তাতে অ্যালকোহলের স্ট্রেন্থ কতটা। ফোর্বসের রিপোর্টের মতে, কোনও হুইস্কিতে ৪০ থেকে ৫০ শতাংশ অ্যালকোহল ভলিউম থাকলে বুঝতে হবে যে বোতলে ভরার আগে তাতে জল মেশানো হয়েছে। যে সব হুইস্কিতে অ্যালকোহলের ভলিউম ৫১ শতাংশের বেশি লেখা থাকলে বুঝতে হবে যে তাতে অতিরিক্ত জল মেশানো হয়নি।
৭। হুইস্কি কীভাবে বাড়িতে রাখবেন তা জানা খুবই জরুরি। দামি হুইস্কির বোতল দাঁড় করিয়ে কোনও ঠাণ্ডা জায়গায় রেখে দিলে ভাল। ফ্রিজে না রাখতে পারলেও বাড়িতে এমন জায়গায় রাখা উচিত যে জায়গায় সবচেয়ে ঠাণ্ডা। কারণ, ঠাণ্ডায় রাখলে হুইস্কি উবে যাবে না।