
শেষ আপডেট: 4 December 2020 07:31
একবার ভালবাসার কথা উচ্চারণ করেই, পরমুহূর্তেই ছেড়ে যাওয়ার কথা ভাবেন অনেকেই। শুধু মাত্র সন্দেহ করে। জানেন কি, অতিরিক্ত সন্দেহ করাটাও এক ধরনের রোগ। মনের মিল খুঁজে পেয়েছিলেন, ভরসা করতে পেরেছিলেন বলেই তো একটা সম্পর্ক শুরু হয়েছিল! কারণ থাকলে সমাধান করুন। কিন্তু অকারণে সন্দেহ কেন করবেন? প্রথমেই নিজেকে প্রশ্ন করুন।
প্রিয়জনকে বিশ্বাস করুন -
অনেক সময় দেখা যায় যাঁকে ভালবাসেন, তাঁকে অনেক সময় বিশ্বাস করতে পারছেন না। কিন্তু যাঁকে বিশ্বাস করা যায়, তাঁকে কিন্তু মনপ্রাণ ঢেলে ভালাবাসাও যায়। আসলে ভালবাসার আগে বিশ্বাস, ভরসাটাই একটা সম্পর্কের ভিত। ভিত নড়ে গেলে সম্পর্ক বেশিদিন টিকবেই বা কী করে! যতই মনে মনে ভয় পান না কেন, মাথায় সন্দেহের বাসা বাঁধতে দেবেন না। এতে আপনি নিজেই ভাল থাকবেন না।
সন্দেহবশত খারাপ কথা বলবেন -
অনেকেই রাগ হলে মেজাজ ঠিক রাখতে পারেন না। সেই মুহূর্তে এমন কিছু ব্যবহার, বা এমন ভাষায় কথা বলে ফেলেন, যা পরে নিজেরই খারাপ লাগে। সে কারণে সন্দেহ হলে প্রিয়জনের সঙ্গে কথা বলুন। বা মাথা গরম হলে ঠান্ডা মাথায় ভাবতে চেষ্টা করুন। সন্দেহবশত প্রিয়জনকে বারবার আঘাত করলে তার ফল ভাল নাও হতে পারে।
নিজেকে বিশ্বাস করুন -
অনেকেই আছেন যাঁরা সম্পর্কের মধ্যে ভয়ে ভয়ে থাকেন। মনে হয় যেন প্রিয়জন এই মুহূর্তে অন্য কারোর জন্য ছেড়ে গেল, বা ইত্যাদি। তখনই অনেকে নিজের খুঁত বের করেন। ভাবেন হয়তো নিজের ত্রুটি আছে। এগুলো ধীরে ধীরে একটা মানুষের মধ্যে হতাশা বাড়ায়। তাই নিজেকে ভালবাসুন। কোনও কারণেই নিজের উপর আস্থা, ভরসা যেন না হারায়।
অতীতের স্মৃতি ভুলে থাকুন -
অতীত যদিও ভুলে থাকা যায় না। কিন্তু অতীতের খারাপ স্মৃতি বহন করে নতুন সম্পর্কের উপর তার প্রভাব না ফেলাই ভাল। আগে একজন বিশ্বাস ভেঙেছে মানেই যে পরেরজনও যে একরকম হবে এটা ভাববেন না। সম্পর্কের মধ্যে বারবার পুরোনো স্মৃতি টেনে এনে তিক্ততা না বাড়িয়ে, প্রিয়জনকে নতুন করে বিশ্বাস করার চেষ্টা করা যেতেই পারে।
ঈর্ষা হলে, ঠিকমতো ব্যক্ত করুন -
অনেক সময় কারণে, অকারণে ঈর্ষা জন্মালে তার বহিঃপ্রকাশ ঘটানোর আগে নিজেকে সংযত রাখুন। সেই মুহূর্তেই মেটাতে হবে এর কোনও মানে নেই। মাথা ঠান্ডা রেখে, কথা বলে মিটিয়ে নিলেই তো তা সবচেয়ে ভাল!
প্রিয়জনের ভাল দিকগুলো মনে রাখবেন -
অনেকেই হঠাৎ রাগ হলে, ঈর্ষা জন্মালে, সন্দেহ করলে প্রথমেই ছেড়ে যাওয়ার কথা ভাবেন। অনেক সময় মুখ ফুটে সেকথা বলেও ফেলেন। কিন্তু ঠিক এই মুহূর্তেই প্রিয়জনের ভাল দিকগুলো ভাবুন। কেন এই সম্পর্ক শুরু হল, তার কারণ ভাবুন। ভাল স্মৃতি মনে করে কখনও কখনও সন্দেহপ্রবণতা মিলিয়ে যেতে পারে।