
শেষ আপডেট: 21 January 2021 12:50
•দিনে ক'টা আপেল খাওয়া উচিত
ডাক্তারদের পরামর্শ অনুসারে, দিনে এক থেকে দু'টো আপেল খাওয়া উচিত। তার বেশি হলেই যে কেউ নানা সমস্যার সম্মুখীন হতে পারেন।
•কী কী ধরনের ক্ষতি হয়
•হজমের সমস্যা হতে পারে
আপেলের মধ্যে রয়েছে ফাইবার। যা হজমে সাহায্য করে। কিন্তু অত্যধিক পরিমাণে আপেল খেলে হজমে তো সমস্যা হবেই। তাছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও ভুগতে পারেন অনেকে।
বয়স এবং লিঙ্গের উপর নির্ভর করে প্রতিদিন ২০ থেকে ৪০ গ্রাম ফাইবার প্রয়োজন মানুষের। কিন্তু ৭০ গ্রামের বেশি পরিমাণ ফাইবার খেলেই হিতে বিপরীত হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেকারণে আপেল ছাড়া অন্যান্য খাবারের মাধ্যমে ফাইবার ইনটেক করতে বলছেন তাঁরা। দিনে এক থেকে দু'টো আপেল খেলে বিশেষ কোনও ক্ষতি হবে না বলেই জানাচ্ছেন ডাক্তাররা।
•ব্লাড সুগার লেভেলের ভারসাম্য নষ্ট হতে পারে
আপেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট। যা শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে। সেই কারণেই ওয়ার্ক আউটের আগে একটা আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাছাড়াও আপেল মস্তিষ্কের সেরোটোনিন লেভেল বাড়াতে সাহায্য করে। যা হাসিখুশি রাখে মানুষকে।
আপেল সাধারণত মিষ্টি স্বাদেরই হয়। সেক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের একের বেশি আপেল খেতে বারণ করছেন বিশেষজ্ঞরা। জানাচ্ছেন মিষ্টি ফল ইনসুলিন লেভেলের উপরও প্রভাব ফেলে।
•বেশি আপেল মানেই অত্যধিক পরিমাণে প্রেস্টিসাইড
সমীক্ষায় জানা গেছে, প্রতিবছর যে সমস্ত ফল, সবজিতে অত্যধিক পরিমাণে প্রেস্টিসাইড ব্যবহার করা হয়, তাদের মধ্যে আপেল সর্বপ্রথমে থাকে। ডাইফেনাইলামাইন নামক প্রেস্টিসাইড ব্যবহার করা হয় আপেলের মধ্যে। অর্থাৎ এই ফলের মাধ্যমে নানা কেমিক্যাল শরীরের মধ্যে প্রবেশ করে।
•ওজন বাড়তে পারে
অতিরিক্ত স্বাস্থ্য সচেতন হলে এবং ওজন কমানোর প্রতি বিশেষ খেয়াল যাঁরা রাখেন, তাঁদের একের বেশি আপেল খেতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। কারণ এর মধ্যেই রয়েছে কার্বোহাইড্রেট। যা শরীরে ওজন বাড়িয়ে দেয়।
•দাঁতের ক্ষতি করে
টুথপেস্টের বিজ্ঞাপনে যতই আপেলের ছবি থাকুক না কেন, আপেল আদতেই দাঁতের ক্ষতি করে। এমনকি সোডা জাতীয় পানীয়ের থেকেও আপেল বেশি ক্ষতিকারক। সেকারণেই পিছনের দাঁত দিয়ে আস্তে আস্তে এই ফল চিবিয়ে খেতে বলছেন ডাক্তাররা। এই ক্ষেত্রেও দিনে একটা করেই খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
•ইনটেস্টাইনের উপর চাপ সৃষ্টি করে
গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে আপেল খেতে একেবারেই নিষেধ করছেন ডাক্তাররা। আপেলের মধ্যে প্রাকৃতিকভাবেই রয়েছে মিষ্টি। যা অনেক সময় হজমের সমস্যা বাড়িয়ে দেয়।