
শেষ আপডেট: 29 December 2020 07:26
কীভাবে আনন্দে মেতে উঠবেন, কীভাবে পার্টির পরিকল্পনা করবেন, কী কী রাখবেন লিস্টে- এই সবকিছু বাতলে দিতে হাজির আমরা, চাইলে এখান থেকেও খুঁজে নিতে পারেন আপনার প্রয়োজনীয় রসদ।
১. ডিনার পার্টি
করোনার জন্য বাচ্চারা বহুদিন ধরে বাড়ির বাইরে যেতে পারছে না। বাবা-মারাও ভরসা পাচ্ছেন না বাচ্চাদের বাইরের খবার খেতে দিতে। তাই বাচ্চাদের পছন্দমতো বাইরের মুখরোচক খাবার বানিয়ে ফেলুন বাড়িতেই। নতুন জামা, মুখরোচক খাবারের সঙ্গে জমে যেতে পারে বর্ষশেষের রাত! এরপর চাইলে বাড়িকেই বানিয়ে ফেলতে পারেন সিনেমাহল, আর ডিনার শেষে বাচ্চাদের সঙ্গে নিয়ে দেখে ফেলতে পারেন ভাল কোনও সিনেমা।
২. ফ্যামিলি টেন্ট পার্টি
ভাবচ্ছেন তো বাড়িতে কীভাবে টেন্ট পার্টি সম্ভব? ইচ্ছে থাকলে সব সম্ভব! বাড়িতে থাকা কম্বলগুলো বের করে বানিয়ে ফেলুন টেন্ট, দেখবেন বাচ্চারাও ভীষণই খুশি হয়েছে। ভাল সিনেমা আর হাতে পপকর্ন, কেক নিয়ে কম্বলের টেন্টের ভেতর ঢুকে দিব্য কেটে যাবে চলতি বছরের লাস্ট নাইট।
৩. নতুন বছরের জন্য তালিকা
২০২০ মোটেও ভাল যায়নি! অনেক আশা, বেড়ানো, খাওয়া-দাওয়া সব বাদ পড়েছে এবছর। তাই নতুন বছরকে কীভাবে স্বাগত জানাবেন, কী কী করবেন, কোথায় কোথায় বেড়াতে যাবেন- সবকিছুর একটা তালিকা বানিয়ে ফেলুন বাচ্চাদের সঙ্গে নিয়ে। এতে বাচ্চাদেরও মন ভাল হবে, তার সঙ্গে আপনিও জেনে যাবেন বাচ্চার মনের ইচ্ছা। এটা বাচ্চার এবং বাবা-মার সম্পর্ককেও আরও মজবুত করবে।
৪. প্লে ডেটের ব্যবস্থা করুন
বাচ্চারা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে রয়েছে। ব্যাঘাত ঘটেছে তাদের প্রতিদিনের রুটিনে। দেখা হচ্ছে না বন্ধুদের সঙ্গে। তাই মনখারাপ হওয়া স্বাভাবিক! বাচ্চাদের মন ভাল করতে সারপ্রাইজ দিন বাচ্চাদের। বাড়িতেই সমস্ত সুরক্ষাবিধি মেনে ছোট করে প্লে ডেটের ব্যবস্থা করুন, যাতে বাচ্চারা তাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে পারে, খেলতে পারে।
৫. ডান্স পার্টি দিন
বাইরে গিয়ে হইহুল্লোড় না হলে, সেই হুল্লোড়ের আমেজকে বাড়িতেই নিয়ে আসুন। মজাদার গানের সঙ্গে জমিয়ে ডান্স পার্টি দিন, আর বাচ্চাদের সঙ্গে সেলিব্রেট করুন নিউ ইয়ার।