দ্য ওয়াল ব্যুরো: ডায়াবেটিক রোগীদের সবসময় খাওয়াদাওয়ার প্রতি বিশেষ নজর দিতে বলেন ডাক্তাররা। প্রতিদিন নির্দিষ্ট ডায়েট মেন্টেন করতে যেমন বলেন, তেমনই আরও বেশ কিছু বিশেষ খাবার খাওয়ার জন্য পরামর্শ দেন ডাক্তাররাই। যেমন ডায়াবেটিক রোগীদের রোজ বাদাম খেতে বলছেন তাঁরা। পুষ্টিগুণে ভরপুর কিছু কিছু বাদাম ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে সাহায্য করে খুব।
ভারতবর্ষকে সারা বিশ্বের বহু মানুষ 'দ্য ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড' বলেন। এই মুহূর্তে প্রায় ৭০ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে ভুগছেন। এর মধ্যে ডায়াবেটিস টাইপ ২-এর সম্ভাব্য কারণ হিসেবে ডাক্তাররা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও ভুল ডায়েট। একটু সচেতনতা বাড়ালেই, সঠিক পদ্ধতিতে খাওয়া-দাওয়া করলে শরীরের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকতে পারে। কখনও আবার পুরোপুরি সুস্থও হয়ে উঠতে পারেন বহু মানুষ।
আমন্ড বাদাম
আমন্ড বাদাম অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভীষণ সাহায্য করে। যে স্ট্রেসের কারণেই মূলত ডায়াবেটিস, হার্টের অসুখ ধরা পড়ে। সমীক্ষায় জানা গেছে, রক্তে শর্করার মাত্রা কমাতে খুবই সাহায্য করে আমন্ড বাদাম।
আখরোট
আখরোট যেমন ওজন কমাতে সাহায্য করে, তেমনই ফাস্টিং ইনসুলিনের মাত্রা কমাতেও ভীষণ উপকারী এটি। অন্যদিকে কয়েক টুকরো আখরোট খেলেই বহুক্ষণ খিদে পায় না, পেটও ভর্তি থাকে।
পেস্তাবাদাম
পেস্তাবাদাম এমনিতেই শরীরে কাজ করার এনার্জি বাড়াতে সাহায্য করে। তাছাড়াও ব্লাড সুগার লেভেল ঠিক রাখতেও সাহায্য করে এটি। তবে নুন ছাড়া পেস্তাবাদাম খাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
চিনাবাদাম
দাম কম হলেও, এটি পুষ্টিগুণে ভরপুর। রোজ খেলে ব্লাড সুগার লেভেল কমে যাবে। অন্যদিকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও কমাতে সাহায্য করে এটি।
কাজু
অন্যান্য বাদামের তুলনায় এর মধ্যে ফ্যাটের মাত্রা কম থাকে। তাছাড়া ব্লাড সুগার লেভেলের উপরেও কোনও ক্ষতিকর প্রভাব এটি ফেলে না। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম।