
শেষ আপডেট: 28 December 2020 07:48
অনেকেই ত্বকের যত্নের ব্যাপারে প্রবল উৎসাহী হন। তবে আপনার ত্বকের সুরক্ষার জন্য কী প্রয়োজন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। তাই ত্বককে সুন্দর করে তুলতে, ত্বকের জেল্লাকে ধরে রাখার জন্য বেশিরভাগ মেয়েই তাঁদের ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস রাখেন। দেখে নিন এগুলো আপনার ব্যাগেও আছে কিনা!
সানস্ক্রিন
আমাদের প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে, সারাদিন রোদে রোদে ঘুরতে হয়। যা ত্বকের জন্য ক্ষতিকারক। তাই অনেকেই এর থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করেন, নিজেদের ব্যাগে সবসময় রাখেন। সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে এটা ত্বককে বাঁচায়। এছাড়াও মুখে বয়সের ছাপ পড়তে দেয় না। অ্যান্টি এজিং হিসেবে সানস্ক্রিন খুবই উপকারী।
ময়েশ্চারাইজার
আপনার ত্বক কী ধরনের তা সবার আগে জানা দরকার। তৈলাক্ত না শুকনো, তারই ভিত্তিতে ত্বকে প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এটা কেবলমাত্র ত্বককে হাইড্রেট রাখতে সহায়তা করে না, ত্বককে দূষণ ও ময়লার হাত থেকেও রক্ষা করে। পরিবেশের যে অন্যান্য উপাদান থেকে ত্বকের ক্ষতি হতে পারে সেসব থেকেও ত্বককে রক্ষা করে ময়েশ্চারাইজার।
ঠোঁট ও গালের আভা
শুধু ময়েশ্চারাইজার আপনার সব প্রয়োজন মেটাতে পারে না। কখনও কখনও ত্বকের উজ্জ্বলতা, জেল্লাকে বজায় রাখার জন্য গালে ও ঠোঁটে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে পণ্য ব্যবহার করা হচ্ছে তা যেন কেমিক্যাল মুক্ত হয়। আপনি চাইলে এটাও আপনার ব্যাগে রাখতে পারেন।
শীট মাস্ক
ত্বককে রোদের তাপ, পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য প্রয়োজন মাস্কের। এর সঙ্গেই ত্বকের দরকার পুষ্টির। এক্ষেত্রে আপনি শীট মাস্ক ব্যবহার করতে পারেন, এটা যে কোনও ধরনের ত্বকের ক্ষেত্রেই দুর্দান্ত কাজ করে। বাজারে প্রচুর শীট মাস্ক রয়েছে, ভাল শীট মাস্কটা আপনাকেই বেছে নিতে হবে।
ভিটামিন সি সিরাম
ত্বকের পুষ্টির কথা বললে, তালিকার প্রথমেই রাখতে হবে ভিটামিন সি সিরামকে। ত্বকের অতিরিক্ত তেল, ব্রণ, দাগের হাত থেকে রক্ষা করে। ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। তাই ব্যাগের মধ্যে এটাও রাখতেই পারেন।