
শেষ আপডেট: 5 January 2021 11:45
মাইকোসিস, ডার্মাটাইটিস ইত্যাদি বিভিন্ন কারণে ত্বকে সাদা দাগ দেখা দিতে পারে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা, চুলকানির মতো বিভিন্ন উপসর্গ হল এর লক্ষণ। এই সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ডাক্তার দেখানো দরকার।
কেন স্কিনে এই সমস্যাগুলো হয়, আর কীভাবে এর থেকে রেহাই পাওয়া যাবে তারই কয়েকটা উপায় রইল
মাইকোসিস
ত্বকে সাদা দাগের অন্যতম কারণ হল মাইকোসিস। এটা অনেকটা অঞ্চল জুড়ে হয়, এবং প্রচন্ড চুলকানি হয় ও জ্বালা করে। এর জন্য ডাক্তাররা বিভিন্ন অ্যান্টিফাঙ্গালযুক্ত শ্যাম্পু, সাবান, ক্রিম ব্যবহার করতে বলেন। এই সমস্যাতে যাঁরা ভুগছেন সবার আগে দরকার তাঁদের গামছা আলাদা রাখা আর ত্বককে হাইড্রেটেড রাখা।
সাদা ফ্রিকেল
সাধারণত ৪০ বছর বয়সের পরে মুখের সঙ্গে সঙ্গে হাত, পায়ে ছোট ছোট সাদা ফ্রিকেলগুলো দেখা যায়। মূলত ফর্সা ব্যাক্তিরা বেশি আক্রান্ত হন এতে। এছাড়াও যাঁরা সানস্ক্রিন ছাড়াই বেরোন তাঁদেরকেও এই সমস্যাতে ভুগতে হয় একটা সময়ের পর।
হাইপোমেল্যানোসিস
এই সমস্যাটি আপনার ত্বকের হাল পুরো বদলে দেয়। মূলত ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। অ্যালার্জি, সূর্যের ইউভি রশ্মিও ত্বকের জেল্লা নষ্ট করে।
ব্লেমিশ
ত্বকের আরও একরকম সাদা দাগ হল ব্লেমিশ। সূর্যের অতিরিক্ত এক্সপোজারের জন্যও এটা হয়। তাই ত্বককে ঠিক মতো ময়াশ্চারাইজ করা দরকার, সেই সঙ্গে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। ভিটামিন এ যুক্ত খাবার যেমন গাজর, টোম্যাটো, পেঁপে, সেদ্ধ ডিম ত্বকের জন্য খুবই উপকারী।
তবে অবশ্যই কোনও জিজ্ঞাসা থাকলে, ডার্মাটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে নেওয়া বাঞ্ছনীয়।