দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে ‘চা হল তরল জ্ঞান’। রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা হোক কি পাঁচতারা হোটেলের টি-বারের পোর্সেলিনের পাত্র, চায়ের কাপে তুফান তুলতে বাঙালির জুড়ি মেলা ভার। অবাঙালিরা চা ‘খাওয়া’ নিয়ে ঠাট্টা করলেও চা খাওয়ায় ‘না’ বলতে পারা বাঙালিকে খুঁজে পাওয়া শক্ত। আর চায়ের সঙ্গে যদি জুড়ে যায় সুস্বাস্থ্যের প্রশ্ন তাহলে তার গুরুত্ব বেড়ে যায় বেশ কয়েক ডিগ্রি।
গ্রিন টি খেয়ে মেদ কমানোর প্রক্রিয়া এখন বেশ পুরনো। আর চা তো শুধপ একরকম নয়, সাদা (আনঅক্সিডাইজড), কালো (পুরোপুরি অক্সিডাইজড), হলুদ (আনঅক্সিডাইজড), সবুজ (হার্বাল).. বৈচিত্র্যের শেষ নেই। সেই সঙ্গে রয়েছে নীল কড়াইশুঁটির ফুল বা ক্লিটোরিয়া টারনেট থেকে তৈরি ব্লু টি। সবই তো হল, তবে আপেল-চায়ের নাম শুনেছেন কখনও। বাজারে বেশ জনপ্রিয় নাম অ্যাপেল-টি। অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিগুণে ভরপুর এই চা কিন্তু এখন ডায়েটিশিয়ানদের পছন্দের ট্রেন্ড। ভিটামিন, মিনারেলসে ভরপুর আপেল দিয়ে তৈরি চা যে কোনও রোগের মোক্ষম দাওয়াই হতে পারে। ধোঁয়া ওঠা পেয়ালায় এক চুমুক নিমেষে বদলে দিতে পারে মুডও।
কী ভাবে বানাবেন আপেল-চা?
এর জন্য লাগবে দু’কাপ জল, একটা বড় আপেল, দু’টো ব্ল্যাক টি-ব্যাগ, আর এক চামচ দারুচিনি পাউডার।
আপেল টুকর করে নিয়ে, বীজ ফেলে ভালো করে পরিস্কার করে নিন। জল গরম করে মাঝারি আঁচে তাতে ফেলে দিন আপেলের টুকরো। এ বার দারুচিনি পাউডার মিশিয়ে ভালো করে নেড়ে ফুটতে দিন ২০ মিনিট। বেশ ঘন হয়ে এলে, তাতে টি-ব্যাগ ডিপ করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আপেল-চা।
শরীর সারাতে এর জুরি নেই
ডায়াবেটিস- বিশেষজ্ঞরা বলছেন, রক্তে শর্করার মাত্রা সঠিক রাখতে খুবই উপকারি এই আপেল-চা। নিয়মিত খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। আর যারা ইতিমধ্যেই মধুমেহর কবলে পড়েছেন, তাদের ইনসুলিন মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এই চা।
ডিটক্স- গ্রিন টি-র মতোই আপেল চা ভাল অ্যান্টিঅক্সিড্যান্ট। ডাইইউরেটিক হওয়ার কারণে ইউরিনেশনে সাহায্য করে। আবার এর মধ্যে থাকা সাইক্লোটাইড-এর অ্যান্টি এইচআইভি, অ্যান্টি-টিউমার গুণ রয়েছে।
হজম- লিভারে বাইল তৈরিতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ হজমে সাহায্য করে। শরীরে মেদ জতে দেয় না। বমি ভাব কাটানোর কাজেও আসে আপেল চা।
কোষ্ঠকাঠিন্য দূর- প্রতিদিন সকালে আপেল চা হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে।
হাড়ের গঠন মজবুত করে- আপেলের ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ভিটামিন সি আর সোডিয়াম হাড়ের গঠন মজবুত করে।
হার্ট ভালো রাখে- শরীরে বাজে কোলেস্টেরল ছেঁকে বাইরে বার করে দেয় এই চা। রক্তচাপ বশে রাখে, শরীরে রক্তসঞ্চালন বাড়ায়। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।
চোখ ভালো রাখে- আপেলের ভিটামিন চোখ ভাল রাখতে সাহায্য করে। চোখের যে কোনও রোগ উপশমে এর উপকারিতা রয়েছে।
ব্রেন বুস্টার- আপেল চা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি উন্নত করে। কারণ আপেল চা মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। যার অ্যান্টিপাইরেটিক গুণ জ্বর সারাতে, উৎকণ্ঠা কমাতে ও অবসাদ কাটাতে সাহায্য করে।