নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী মামদানির এক ভিডিওতে তাঁকে দেখা যায় সাক্ষাৎকার চলাকালীন হাত দিয়ে খাবার খেতে।

শেষ আপডেট: 30 June 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: হাত দিয়ে ভাত-ডাল খাচ্ছেন - এই ভিডিও ঘিরে নেট মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী মামদানির এক ভিডিওতে তাঁকে দেখা যায় সাক্ষাৎকার চলাকালীন হাত দিয়ে খাবার খেতে। আর সেখান থেকেই বিতর্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে এক মার্কিন কংগ্রেসম্যানের মন্তব্য ঘিরে।
রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল মামদানিকে কটাক্ষ করে এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, ‘সভ্য আমেরিকানরা এভাবে খায় না। যদি পশ্চিমি রীতিনীতি মানতে না চাও, তাহলে তৃতীয় বিশ্বে ফিরে যাও।’

এই ভিডিওটি প্রথমে ‘End Wokeness’ নামের একটি অ্যাকাউন্ট পোস্ট করে, যেখানে ক্যাপশনে লেখা হয়, ‘জোহরান বলছেন তিনি যেভাবে বিশ্বকে দেখেন তা ‘তৃতীয় বিশ্বের’ দ্বারা অনুপ্রাণিত, আর তিনি হাত দিয়ে ভাত খাচ্ছেন!"
গিলের মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। প্রসঙ্গত, গিলের স্ত্রী ড্যানিয়েল ডি’সুজা, ভারতীয় বংশোদ্ভূত রাজনৈতিক কমেন্টেটার। অনেকেই এই মন্তব্যকে ‘সাংস্কৃতিক অজ্ঞতা ও বর্ণবিদ্বেষমূলক’ বলে নিন্দা করেন। কেউ কেউ আবার বলেন, হাত দিয়ে খাওয়া কোনও অপরাধ নয়, বরং তা বহু সংস্কৃতির স্বাভাবিক অভ্যাস।
একজন মন্তব্য করেন, ‘আমেরিকা কি কেবল তথাকথিত 'সভ্য'দের জন্য? সংবিধানের কোথায় বলা আছে সেটা?’ আরেকজন যোগ করেন, ‘আপনি ওঁর রাজনীতি নিয়ে কিছু বলতে পারেন না, তাই ওঁর সংস্কৃতিকে আক্রমণ করছেন। আপনার এই মন্তব্য আপনার সম্পর্কেই ধারণা দেয়, মামদানির নয়।’
Zohran says his worldview is inspired by the 3rd world while eating rice with his hands pic.twitter.com/FDaQfcNSJv
— End Wokeness (@EndWokeness) June 29, 2025
অনেকে আবার কটাক্ষের উত্তর দিয়েছেন সরস ভঙ্গিতে। কেউ লিখেছেন, ‘টাকো, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার - এসব খাও ফর্ক দিয়ে? নাকি চিপসও খাও ছুরি-চামচে?’ আরেকজনের মন্তব্য, ‘রাজনীতি নিয়ে হাজারটা সমালোচনা করা যায় মামদানির, কিন্তু আপনি বেছে নিলেন খাবার খাওয়ার ধরন! আপনি নিশ্চয়ই পার্টিতে পিৎজা খান ছুরি, ফর্ক আর কর্ন হোল্ডার দিয়ে?’
তবে এই মন্তব্যের অন্য প্রান্তেও নানা মত রয়েছে। কেউ কেউ মামদানির এই আচরণকে ‘সংস্কৃতি বিক্রি করে সহানুভূতি অর্জনের চেষ্টা’ বলেও ব্যাখ্যা করেছেন। একজন লেখেন, ‘মজার বিষয় হল, মামদানির অন্য ছবিতে দেখা যাচ্ছে তিনি সাবওয়ে-তে বুরিটোও খান ছুরি-চামচে। এখানে ক্যামেরার সামনে হাত দিয়ে খাওয়ার ব্যাপারটা সাজানো বলেই মনে হচ্ছে।’
আরেকজন লেখেন, ‘এই পারফরম্যান্স তাঁদের জন্য, যাঁরা বিদেশি সংস্কৃতির যে কোনও বিষয় রোম্যান্টিসাইজ করে, কিন্তু নিজেরটাকে তাচ্ছিল্য করেন। মামদানি জানেন ঠিক কোথায় কীভাবে মোহজাল ফেলতে হয়। চতুর চাল আর কী।’
৩৩ বছরের জোহরান মামদানি একজন ভারতীয়-মার্কিন রাজনীতিবিদ, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার-এর পুত্র। এই সপ্তাহেই তিনি ইতিহাস গড়েছেন, নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটদের প্রথম মুসলিম প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে। বলিউড-প্রেরিত প্রচারাভিযান ও অনলাইন উপস্থিতির জন্য ইতিমধ্যেই তিনি জনপ্রিয়তা কুড়িয়েছেন। যদিও এখনও পর্যন্ত তিনি এই বিতর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।