
ফাইল চিত্র
শেষ আপডেট: 4 April 2025 22:43
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস শুক্রবার ব্যাঙ্ককের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দিয়েছেন। সেই ছবির বিষয় নরেন্দ্র মোদী ও মহম্মদ ইউনুস।
বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছবিটি ২০১৫ সালের। ওই বছর ৩ জানুয়ারি ভারতের মুম্বইয়ে অনুষ্ঠিত হয় ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস। সেখানে প্রধানমন্ত্রী মোদী অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক দিয়ে সম্মান জানান।
ইউনুস কেন মোদীকে তাঁর ও ভারতের প্রধানমন্ত্রীর এক ফ্রেমের ছবি বাঁধিয়ে উপহার দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সখ্য রয়েছে, এই বার্তা দিতেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ব্যক্তিগত অ্যালবামের ছবি উপহার দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
তবে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, ইউনুস কেন ভারতের প্রধানমন্ত্রীকে জুলাই আন্দোলনের ছবি উপহার দেননি। দেশে এবং বিদেশে বিদেশি অতিথি, অভ্যাহতদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা গত বছর বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের দৃশ্য সম্বলিত ছবি উপহার দিয়ে থাকেন। মোদীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল।
ওয়াকিবহাল মহল মনে করছে, দ্বিপাক্ষিক বৈঠকে হাসিনাকে ফেরানো এবং সাবেক প্রধানমন্ত্রীর সময়ে বাংলাদেশে নিপীড়ন, নির্যাতনের প্রসঙ্গ তুললেও ইউনুস হাসিনাকে উৎখাত আন্দোলনের ছবি উপহার দিয়ে চটানোর ঝুঁকি নেননি। প্রথমত, মোদী নিজেও একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাছাড়া, জুলাই-অগাস্ট আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈঠকে হাসিনার প্রসঙ্গ এসেছে তাঁকে প্রত্যর্পণের ইস্যুকে কেন্দ্র করে। যদিও একই যুক্তি বাকি সকলের ক্ষেত্রেই প্রয়োজ্য। তবু বাকিদের হাসিনা বিরোধী গণঅভ্যুত্থানের ছবিই উপহার দিয়েছেন।
কূটনৈতিক মহল মনে করছে, ইউনুসের মোদী প্রীতির পিছনে ডোনাল্ড ট্রাম্পের অঙ্কও কাজ করছে। ইউনুস বিগত বাইডেন সরকার এবং ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ। ট্রাম্পের পার্টির সঙ্গে তাঁর সখ্য নেই। সেই ডোলান্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়ে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশকে তিনি আগের বারের মতোই ভারতের চোখ দিয়েও দেখবেন। এই সমীকরণ মাথায় রেখেই মোদীকে খুশি করার চেষ্টা করেছেন ইউনুস।