
শেষ আপডেট: 12 January 2024 19:54
দ্য ওয়াল ব্যুরো: লোহিত সাগরে একের পর এক জাহাজে গত কয়েক সপ্তাহ ধরে ইরান সমর্থিত বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী হুথিদের আক্রমণ চলেছে। ভারতের পণ্যবাহী জাহাজ আটকে রেখে নাবিকদের অপহরণও করেছে হুথি বিদ্রোহীরা। এই হুথিদের নাশকতা থামাতে আগেই হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। এবার সরাসরি ইয়েমেনে ঢুকে হুথিদের ঘাঁটিদের হামলা চালাল আমেরিকা-ব্রিটেনের বায়ুসেনা। বৃহস্পতিবার ইয়েমেনে হুথি গোষ্ঠীর একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে গেছে এয়ারস্ট্রাইকে। হুথিদের ঘরে ঢুকে হামলা করছে আমেরিকা, ব্রিটেনের সেনারা। লাগাতার বিস্ফোরণ চালানো হচ্ছে ইয়েমেনের হুথি ঘাঁটিতে।
গত বছরের শেষ থেকে লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজকে নিশানা বানিয়েছে হুথি গোষ্ঠী। আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ দেখলেই কব্জা করে লুটপাট চলছে। নাবিকদের অপহরণ করা হচ্ছে। বারবার হুঁশিয়ারি দিয়েও কাজ না হওয়ায় এবার গুঁথি ঘাঁটিতে লাগাতার এয়ারস্ট্রাইক চালাচ্ছে আমেরিকা ও ব্রিটেনের বায়ুসেনা। মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন অবশ্য এখনও সরকারিভাবে এই হামলার কথা ঘোষণা করেনি। তবে বৃহস্পতিবার থেকে ইয়েমেনের হুথি ডেরাগুলিতে একের পর এক ড্রোন হামলা হচ্ছে। ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী আল হুদাইদাহে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ হচ্ছে বলে খবর।
Hodeidah #Yemen pic.twitter.com/sPOGj4E4v1
— Santo Agustian (@AgustianSa47630) January 12, 2024
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যতরীগুলোর উপর হামলার এই হল যোগ্য জবাব। হুথিদের উপর হামলায় আমেরিকার পাশে রয়েছে কানাডা, বাহারিন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও ব্রিটেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আজ আমার নির্দেশে মার্কিন সেনা ও ব্রিটেনের বায়ুসেনা একযোগে অস্ট্রেলিয়া, বাহারিন, কানাডা, নেদারল্যান্ডসের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের একাধিক টার্গেট গুঁড়িয়ে দিয়েছে। এই হুথিরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথে বিপদের কারণ হয়ে উঠছিল।”
বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী ওমানের উপকূলে একটি তেলের ট্যাঙ্কার আটক করে। পাশাপাশি, এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যপথে হুথিরা একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে মার্কিন সেনা। হুথিদের থামাতেই তাই লাগাতার হামলা শুরু করেছে আমেরিকা।